Donald Trump: পথে বসিয়েই ছাড়বেন! আরও এক বড় সিদ্ধান্ত ট্রাম্পের, এবার চাপালেন ২৫ শতাংশ শুল্ক – Bengali News | US President Donald Trump will Impose 25 Percent Tarif on Aluminum & Steel, Which Countries to Face Consequence
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।Image Credit source: PTI
ওয়াশিংটন: কাউকে মানছেন না ট্রাম্প। একের পর এক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন। আমেরিকার প্রেসিডেন্টের গদিতে বসার পর থেকেই শুল্ক-যুদ্ধ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। একের পর এক দেশের উপরে আমদানি শুল্ক চাপাচ্ছেন। এবার আরও এক বড় সিদ্ধান্ত। সমস্ত স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির উপরে ২৫ শতাংশ শুল্ক চাপালেন।
যেকোনও ধাতু আমদানিতে এমনিই শুল্ক লাগে আমেরিকায়। তার উপরে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প। এতে যে দেশগুলি থেকে অ্যালুমিনিয়াম, স্টিল আমদানি করা হত, তারা চাপে পড়বে। মূলত কানাডা, ব্রাজিল, মেক্সিকো থেকেই আমেরিকা স্টিল আমদানি করে। পাশাপাশি দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম থেকেও স্টিল আমদানি করা হয়। আমেরিকায় অ্যালুমিনিয়াম যা আমদানি করা হয়, তার ৭৯ শতাংশই কানাডা থেকে আসে। মেক্সিকো আবার অ্যালুমিনিয়াম স্ক্রাপ ও অ্যালয় সরবরাহ করে।
রবিবারই নতুন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন যে তিনি মঙ্গলবারের মধ্যে রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক বসাবেন, যা সঙ্গে সঙ্গেই কার্যকর হবে। তবে কীসের উপরে এই শুল্ক বসাবেন, তা খোলসা করেননি ট্রাম্প।
আগেই ট্রাম্প ঘোষণা করেছিলেন যে বিভিন্ন দেশ আমেরিকার থেকে যে হারে শুল্ক নেয়, তাদের উপরে এবার সম মাত্রায় শুল্ক বসাবেন। রবিবারও সেই কথার পুনরাবৃত্তি করে নয়া প্রেসিডেন্ট বলেন, “খুব সহজ হিসাব। ওরা যদি আমাদের থেকে চার্জ নেয়, আমরাও চার্জ বসাব।”
প্রসঙ্গত, ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত যখন প্রথমবার প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প, সেই সময়ও তিনি স্টিলের উপরে ২৫ শতাংশ শুল্ক এবং অ্যালুমিনিয়ামের উপরে ১০ শতাংশ শুল্ক বসিয়েছিলেন। পরে যদিও তিনি কানাডা, মেক্সিকো, ব্রাজিল সহ একাধিক দেশকে ‘ডিউটি ফ্রি কোটা’-এ শুল্কে ছাড় দেন। পরে বাইডেন এসে ব্রিটেন, জাপান, ইউরোপিয়ান ইউনিয়নকেও এই তালিকায় যোগ করেন।
