বক্সা ছাড়তে নারাজ জয়ন্তীর ৮০ পরিবার, প্রশ্নে বন দপ্তর
সুজিত রায়, আলিপুরদুয়ার
বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোর এলাকায় থাকা জয়ন্তী বনবস্তি কি সত্যিই পুরোপুরি খালি হচ্ছে?
আগামী ২ অক্টোবর পড়শি রাজ্য বিহারের বাল্মীকি টাইগার রিজা়র্ভ থেকে একটি বাঘিনি এনে বক্সার জঙ্গলে ছাড়ার কথা। তার আগে জঙ্গলের কোর এরিয়া খালি করতে ফের প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে বাংলায়। অনেকগুলি পরিবার সরকারি পুনর্বাসন প্যাকেজ নিয়ে কালচিনির বনছায়া বস্তিতে সরে যেতে রাজি, ক্ষতিপূরণের অর্থ পেতে সইসাবুদও চলছে। বনবস্তি খালি হলে ভবিষ্যতে বক্সায় আরও বাঘ আনার রাস্তা সুগম হবে। কিন্তু কোথাও কি তাল কাটছে এই গোটা পরিকল্পনার?
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের পরিস্থিতি বলছে, অন্তত ৮০–৮৫টি পরিবার জয়ন্তী ছেড়ে যেতে চাইছে না। তাদের সম্মিলিত বক্তব্য, ‘ভিটেমাটি ছেড়ে যাব না।’ এ দিকে, ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে ‘টাইগার রিইন্ট্রোডাকশন’–এর যাবতীয় কাজও চলছে। ফলে প্রশ্ন উঠছে, সব পরিবারকে বক্সা থেকে না–সরালে ঘোষিত সময়ের মধ্যে বাঘ আনা সম্ভব হবে? জঙ্গল ছাড়তে রাজি বনবাসীদের পুনর্বাসন প্রক্রিয়াই বা শেষ হবে কবে? যদিও বন দপ্তরের দাবি, ঘোষিত দিনেই বাঘ আসবে জয়ন্তীতে।