ঝিরম ঘাটিতে মাওবাদী হামলায় দশ জনকে দোষী সাব্যস্ত করল আদালত
এই সময়: ছত্তিসগড়ের সুকমার ঝিরম ঘাটিতে ১৩ বছর আগে ২৯ জন কংগ্রেস নেতাকে খুনের ঘটনায় মাওবাদীদের দুই মহিলা কামান্ডার সহ ১০ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে আদালত। ২০১৩–র ২৫ মে বস্তার জেলার দরভা থানার অন্তর্গত ঝিরম ঘাটিতে তৎকালীন কংগ্রেস নেতাদের কনভয়ে অতর্কিতে হামলা চালান প্রায় আড়াইশো সশস্ত্র মাওবাদী। আধঘণ্টা ধরে টানা গুলি চলে। ঘটনায় নিহত হন তৎকালীন রাজ্য কংগ্রেস সভাপতি নন্দ কুমার প্যাটেল, তাঁর পুত্র দীনেশ, বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা মহেন্দ্র কর্মা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিদ্যা চরণ শুক্লা এবং প্রাক্তন বিধায়ক উদয় মুদলিয়ার-সহ প্রবীণ কংগ্রেস নেতারা। এঁদের সঙ্গে বেশ কয়েক জন নিরাপত্তাকর্মীও নিহত হন।