১ লক্ষ কর্মী ছাঁটাইয়ের পথে Volkswagen, চিন-আমেরিকার জোড়া ফলায় ‘ভাঁড়ে মা ভবানী’ সংস্থার?
সত্যি হলো আশঙ্কা। ইউরোপের সবচেয়ে বড় গাড়ি প্রস্তুতকারক সংস্থা Volkswagen থেকে ছাঁটাই হচ্ছেন অন্তত ১ লক্ষ কর্মী। সংস্থার ৮৯ বছরের ইতিহাসে এটাই সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘটনা। রয়টার্স এবং আরও একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সংস্থার সুপারভাইজ়ারি বোর্ড থেকে কর্মী সঙ্কোচনের প্রস্তাবে সিলমোহর দেওয়া হয়েছে। খরচ কমানো এবং সংস্থার অপারেশনকে ঢেলে সাজার জন্য এই পদক্ষেপ বলে সূত্রের খবর। জুলাই মাসেই ছাঁটাই সংক্রান্ত আশঙ্কার খবর এসেছিল বাজারে।
প্রতিযোগিতার বাজারে Volkswagen-কে আরও ‘leaner and more competitive’ করে তোলার জন্যই এই পদক্ষেপ করা হচ্ছে বলে প্রতিবেদন সূত্রে খবর। বছরের প্রথমেই ৫০ হাজার চাকরি ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হতো। তারপরে ফের ৫০ হাজার ছাঁটাইয়ের সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে। এর ফলে বিশ্বে এই গাড়ি প্রস্তুতকারক সংস্থার যত কর্মী রয়েছেন, তার ১৫% কর্মী ছাঁটাইয়ের কোপে পড়তে চলেছেন। এর মধ্যে ম্যানেজমেন্ট রোল থেকে শুরু করে আরও নানা বিভাগ রয়েছে বলে সূত্রের খবর। তবে সংস্থার কোন স্তরে বা কোন ব্র্যান্ডে কতজনকে ছাঁটাই করা হবে, তা এখনও স্পষ্ট করেনি Volkswagen।
কারখানা বন্ধ করবে Volkswagen?
সূত্রের খবর, সংস্থাকে নতুন করে সাজানোর জন্য ২০৩৫ পর্যন্ত গোটা মডেল লাইন আপ (গাড়ির মডেলের সম্ভার) কমিয়ে ফেলা হবে। জার্মানির মাটিতে এই সংস্থার ৪টি কারখানা রয়েছে, সেগুলির বিকল্প ব্যবহার কী হবে সেটা নিয়েও ভাবনাচিন্তা চলছে। ওই কারখানাগুলির কোনও একটি বন্ধ করা হবে কি না, সেটারও আশঙ্কা তৈরি হয়েছে। Volkswagen-এর একটি অংশ Porsche, সেখানেও ২০৩৫ সালের মধ্যে মোট কর্মীর পাঁচ ভাগের একভাগ ছাঁটাইয়ের ভাবনাচিন্তা চলছে বলে সূত্রের খবর।
কী কী চাপের মুখে Volkswagen?
একসঙ্গে ২টো প্রতিযোগিতার মুখে পড়েছে ইউরোপের বৃহৎ গাড়ি প্রস্তুতকারক সংস্থা। প্রথমত, গাড়ির বাজারে বিশেষ করে ইভি-র বাজারে চিনের দাপট ক্রমশ বাড়ছে। চিনের সংস্থার কাছে সেই দেশের মার্কেট শেয়ার নিয়ে তীব্র লড়াইয়ের মুখোমুখি হয়েছে এই সংস্থা। পাশাপাশি ইউরোপের বাজারেও ক্রমাগত দাপট দেখাচ্ছে চিনা গাড়ি। Volkswagen-এর বড় বাজার ছিল আমেরিকা। কিন্তু সেদেশে ব্যবসার ক্ষেত্রে ট্যারিফের মুখে পড়েছে গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি। তার প্রত্যক্ষ প্রভাবে সামগ্রিক ভাবে এই সংস্থার গাড়ি বিক্রি কমছে।