ITR ফাইলিং থেকে LPG-র e-KYC, ১ সেপ্টেম্বর থেকেই বদল আসবে এই সব ফিনানশিয়াল বিষয়ে
সেপ্টেম্বরের শুরুতেই বেশ কিছু গুরুত্বপূর্ণ আর্থিক বিষয় নজরে রাখতে হবে। আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা, LPG-র e-KYC, বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম এবং ব্যাঙ্কিং সংক্রান্ত কিছু নিয়মে বদল আসতে পারে। তাই ১ সেপ্টেম্বরের আগে কয়েকটি বিষয় জেনে রাখা জরুরি।
ITR ফাইলিংয়ের শেষ দিন ৩১ অগস্ট
ব্যবসা বা পেশা থেকে আয় রয়েছে, কিন্তু Tax Audit-এর আওতায় পড়েন না— এমন করদাতাদের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ৩১ অগস্ট।
অন্য সাধারণ individual taxpayers-দের জন্য এই রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩১ জুলাই।
তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বিলেটেড রিটার্ন জমা দেওয়া যায়। ২০২৬-২০২৭ অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য সাধারণত ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে।
তবে দেরিতে রিটার্ন জমা দিলে জরিমানাও হতে পারে। মোট আয় ৫ লক্ষ টাকা পর্যন্ত হলে late filing fee ১,০০০ টাকা। আয় ৫ লক্ষ টাকার বেশি হলে তা ৫,০০০ টাকা হতে পারে।
LPG-র e-KYC-ও জরুরি
LPG গ্রাহকদের জন্য আধার-বেসড বায়োমেট্রিক অথেনটিকেশন বা e-KYC করার শেষ সময়সীমা ২০২৬ সালের ৩১ অগস্ট। এখনও যাঁরা e-KYC করেননি, তাঁদের দ্রুত প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো অয়েল মার্কেটিং সংস্থাগুলিও গ্রাহকদের এই ভেরিফিকেশন শেষ করতে বলছে। সময়ের মধ্যে e-KYC না করলে পরিষেবায় সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।
LPG, ATF ও ব্যাঙ্কিং চার্জে বদল হতে পারে
প্রতি মাসের শুরুতে কমার্শিয়াল LPG সিলিন্ডার এবং অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল (ATF)-এর দাম পর্যালোচনা করা হয়। তাই ১ সেপ্টেম্বর থেকে এই দামে পরিবর্তন আসতে পারে। তবে তা সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করবে।
কিছু ব্যাঙ্ক তাদের ATM বা অন্যান্য পরিষেবার চার্জও পরিবর্তন করতে পারে। তাই মাসের শুরুতে নিজের ব্যাঙ্কের নতুন চার্জ দেখে নেওয়া ভালো। ATF-এর দাম বাড়লে তার প্রভাব বিমানভাড়াতেও পড়তে পারে।