Big News: ‘কিং’-এর সেটে চোট, শাহরুখকে দ্রুত নিয়ে যাওয়া হচ্ছে বিদেশে – Bengali News | Shah Rukh Khan injured on the sets of King
৬০ বছর বয়সেও বলিউডের ‘কিং’ শাহরুখ খান পর্দায় হিট। অ্যাকশন হোক কিংবা রোম্যান্স, তিনি ছিলেন, তিনি আছেন। বক্স অফিসে তাঁর দাপট গত কয়েকবছরেই ঝড় তুলেছে। এবার পালা আগামীর। অর্থাৎ তাঁর আগামী ছবি কিং-এর। আর সেই ছবির শুটিং সেটেই বিপত্তি। ‘কিং’ ছবির অ্যাকশন দৃশ্যে অভিনয়ে গত কয়েকদিনে ব্যস্ত ছিলেন তিনি। এরই মাঝে ঘটে অঘটন। ১৯ জুলাই মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিয়োতে টানা শুটিং চলাকালীন তিনি মাসলে চোট পান— তবে আঘাত গুরুতর না হলেও সময় সাপেক্ষ চিকিৎসার প্রয়োজন বলেই মনে করেন চিকিৎসকেরা।
এরপরই তাঁকে দ্রুত বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। প্রাথমিকসূত্রে খবর সেখানেই চলবে শাহরুখ খানের চিকিৎসা। করা হতে পারে ছোট্ট অস্ত্রোপচারও। শোনা যাচ্ছে চিকিৎসকের পরামর্শে, শাহরুখ খানকে অন্তত এক মাসের সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে। এর ফলে ‘কিং’–এর যে অংশের শুট জুলাই–আগস্টে ফিল্ম সিটি, গোল্ডেন টোবাকো ও YRF স্টুডিওতে হওয়ার কথা ছিল তা আপাতত স্থগিত রাখার পরিকল্পনা করা হয়েছে।
সম্ভবত, সেপ্টেম্বরের শেষে কিংবা অক্টোবরে আবার শুট শুরু করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ফিল্ম টকিজের রিপোর্ট অনুযায়ী, শাহরুখ খানকে আপাতত শুটিং করতে নিশেধ করা হয়েছে। কমপক্ষে একমাস থাকতে হবে বিশ্রামে।
‘কিং’, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন-থ্রিলার, যার সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে শাহরুখ–সুহানা খানের জুটি। ২০২৬ সালের এক ‘প্যান ইন্ডিয়া’ বিগ প্রজেক্ট হতে চলেছে এই ‘কিং’ তা বলাই বাহুল্য। । যদিও শুটিং-এ এই ধাক্কা ছবির মুক্তির ক্ষেত্রে কোনও প্রভাব ফেলতে চলেছে কি না, তা সময় বলবে।