H-1B-র পরে H-4-এও কোপ, EAD তুলে দেওয়ার প্রস্তাব, বাড়তি আয়ের পথ বন্ধ, ধাক্কা ভারতীয়দের
H-1B ভিসা নিয়ে টানাপড়েন তুঙ্গে। ইতিমধ্যে এই ভিসার জন্য ১ লক্ষ ডলার ফি চালুর প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। সেই নিয়ে সরগরম গোটা দুনিয়া। এ বার H-1B ভিসা হোল্ডারদের স্বামী বা স্ত্রীর Employment Authorisation Document (EAD) কার্ড তুলে দেওয়ার প্রস্তাব দিল হোমল্যান্ড সিকিউরিটি। এর ফলে সব থেকে বেশি সমস্যায় পড়তে চলেছেন ভারতীয়রাই।
এক নজরে
-
কী প্রস্তাব? H-4 ভিসাধারীদের EAD বা কাজের অনুমতিপত্র দেওয়ার নিয়ম তুলে নেওয়ার প্রস্তাব করেছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি।
-
কারা প্রভাবিত হবেন? H-1B ভিসাধারীদের উপর নির্ভরশীল যোগ্য স্বামী বা স্ত্রী, যাঁরা H-4 ভিসায় থেকে EAD নিয়ে কাজ করেন।
-
ভারতীয়দের উপর প্রভাব কেন বেশি? ২০১৪–১৭ সালের তথ্য অনুযায়ী, অনুমোদিত H-4 EAD-এর প্রায় ৯৩ শতাংশ পেয়েছিলেন ভারতীয় নাগরিক।
-
ভারতীয়দের মধ্যে কারা বেশি? ওই অনুমোদিত EAD-এর প্রায় ৯৪ শতাংশ প্রাপকই মহিলা ছিলেন।
-
এখনই কি কাজ বন্ধ হবে? না। প্রস্তাবটি এখনও চূড়ান্ত হয়নি। বৈধ EAD থাকা H-4 ভিসাধারীরা আপাতত আগের নিয়মেই কাজ করতে পারবেন।
স্বামী বা স্ত্রী দু’জনেই H-1B ভিসায় আমেরিকায় কাজ করতে পারেন। এখানে কোনও সমস্যা নেই। কিন্তু অনেক সময়ে শুধু স্বামী বা স্ত্রী H-1B ভিসা পান। তাঁর সঙ্গে যান আর এক জন। এই পরিস্থিতিতে তাঁকে H-4 ভিসা দেওয়া হয়। এখন যাঁর H-4 ভিসা রয়েছে, তিনি যদি আমেরিকায় বৈধ ভাবে চাকরি করতে চান, তা হলে তাঁকে EAD-এর জন্য আবেদন করতে হয়।
H-4 হল আমেরিকায় থাকার অনুমতি। আর EAD হল কাজ করার অনুমতি। এখন H-4 ভিসা হোল্ডারদের জন্য EAD তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি। ২০১৪ থেকে ২০১৭-এর তথ্য অনুযায়ী, অনুমোদিত H-4 EAD-এর প্রায় ৯৩ শতাংশই পেয়েছিলেন ভারতীয়রা। তাঁদের মধ্যে আবার ৯৪ শতাংশই ছিলেন মহিলা।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। শুধু মাত্র প্রস্তাব দেওয়া হয়েছে। নিয়ম বদলাতে হলে আগে প্রস্তাবটি আগে সরকারি ভাবে পেশ করতে হবে। তার উপরে সাধারণ মানুষ মতামত দেবেন। সব শেষে চূড়ান্ত নিয়ম জারি করবে প্রশাসন। তখনই নতুন ব্যবস্থা কার্যকর হবে। তত দিন বৈধ EAD থাকা H-4 ভিসা হোল্ডাররা আগের মতোই চাকরি করতে পারবেন।
EAD বন্ধ করার চেষ্টা অবশ্য এই প্রথম নয়। ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৭-তেও একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব শেষ পর্যন্ত কার্যকর হয়নি। ২০২১-এ তা প্রত্যাহার করে নেওয়া হয়। এ বারও H-1B ভিসা নিয়ে একাধিক কড়া পদক্ষেপ করছে ট্রাম্প প্রশাসন। নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে ১,০৩,২৬৫ ডলার ফি বসানোর প্রস্তাব রয়েছে। উল্লেখ্য, ২০২৪-এ H-1B ভিসার জন্য যত আবেদন জমা পড়েছিল তার ৭১ শতাংশই ছিল ভারতীয় নাগরিকদের।
FAQ
১. H-4 ভিসা কী?
H-1B ভিসাধারীর স্বামী, স্ত্রী বা সন্তানকে আমেরিকায় থাকার জন্য দেওয়া নির্ভরশীল ভিসা।
২. H-4 ভিসা থাকলেই কি চাকরি করা যায়?
না। নির্দিষ্ট শর্ত পূরণ করলে আলাদা EAD নিয়ে বৈধ ভাবে চাকরি করা যায়।
৩. EAD কী?
EAD হল আমেরিকায় বৈধ ভাবে কাজ করার অনুমতিপত্র।
৪. নতুন প্রস্তাবে কী বদলাবে?
যোগ্য H-4 ভিসাধারী স্বামী বা স্ত্রীদের EAD পাওয়ার সুযোগ তুলে নেওয়ার প্রস্তাব করা হয়েছে।
৫. কবে থেকে নতুন নিয়ম কার্যকর হবে?
এখনই নয়। আগে প্রস্তাব প্রকাশ, জনসাধারণের মতামত গ্রহণ এবং চূড়ান্ত নিয়ম জারি করতে হবে।