‘আর এক মুহূর্ত নয়, হড়পা বান আসছে…’, চালকের সিদ্ধান্তেই নেপালে প্রাণে বাঁচলেন বসিরহাটের শিক্ষক দম্পতি
নেপালে বিপর্যয়ের মুখে পড়ার সেই অভিজ্ঞতার কথাও শোনালেন অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি বলেন, ‘সবাই গাড়িতে যাচ্ছিলাম। হঠাৎ গাড়ি থামিয়ে দেয় চালক। বলল হড়পা বান আসছে। ভীষণ উৎসুক হয়ে পড়েছিলাম আমরা। দূরে দেখলাম, পাহাড় বেয়ে মেঘের স্রোতের মতো কিছু একটা নামছে। হড়পা বান কেমন হয়, সেটা চোখের সামনে দেখব! কিন্তু চালক বুঝতে পারে, যে হড়পা বান ধেয়ে আসছে, তা মারাত্মক। যে কোনও সময়ে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই তড়িঘড়ি সে গাড়ি ঘুরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যায় আমাদের।’
অনুকূল জানান, চালক পরে জেনেছিলেন, ওই পাহাড়ি রাস্তায় আর যাওয়া সম্ভব নয়। তাই তিনি তাঁদের হোটেলে ফিরিয়ে নিয়ে যান। বৃদ্ধের কথায়, ‘কোথা থেকে ফোন করে জানল যে, ওই রাস্তায় আর যাওয়া যাবে না। আর পরিস্থিতি কবে ঠিক হবে, সেটাও কারও জানা নেই। ভাগ্যিস ও আমাদের হোটেলে ফিরিয়ে এনেছিল! নইলে বড় বিপদের মুখে পড়তে হতো।’