বিধানসভার পরে পুরভোটেও বিজেপির অস্ত্র সেই ‘চার্জশিট’
বিধানসভা ভোটের মুখে বিজেপির ‘চার্জশিট’ কৌশল সাড়া ফেলেছিল। তৃণমূল শাসিত প্রতিটি কেন্দ্রের জন্য তারা ‘চার্জশিট’ প্রকাশ করেছিল। অর্থাৎ, ওই বিধানসভা কেন্দ্রগুলির বিভিন্ন সমস্যা, এলাকায় তৃণমূল নেতাদের দুর্নীতির ফিরিস্তি ছিল বিজেপির চার্জশিটগুলিতে। ভোটের কিছু মাস আগে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে চার্জশিট বিলি করেছিলেন বিজেপি নেতা–কর্মীরা। গেরুয়া শিবিরের পর্যবেক্ষণ, এ বারের বিধানসভা ভোটে বিজেপির বিপুল জয়ের পিছনে ‘চার্জশিট’ কৌশলের ভূমিকা আছে। ফলে কলকাতা কর্পোরেশনের ভোটেও সেই অস্ত্র শান দিতে চাইছেন বিজেপি নেতৃত্ব। দলীয়স্তরে সিদ্ধান্ত হয়েছে, কলকাতার যে ওয়ার্ডগুলিতে তৃণমূলের কাউন্সিলার ছিল, সেই ওয়ার্ডগুলিতে একটি করে চার্জশিট প্রকাশ করা হবে। বিজেপির দক্ষিণ কলকাতা জেলা কমিটির এক বিজেপি নেতার কটাক্ষ, ‘কলকাতায় তৃণমূল নেতাদের দুর্নীতির তালিকা লম্বা। এক চার্জশিটে হবে না। সংকলন ছাপতে হবে।’ সুকান্ত বলেন, ‘তৃণমূল নেতারা কলকাতার বিভিন্ন ওয়ার্ডে ভোটের আগে কী কী প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার মধ্যে কতগুলি পালন করেছেন, চার্জশিটে সেগুলি উল্লেখ করে আমরা ভোটারদের বাড়ি বাড়ি যাব।’