Nepal Flash Flood: শুটিং করতে গিয়ে নেপালে আটকে খরাজ মুখোপাধ্যায় | Kharaj mukherjee stranded in nepal flash flood health update
পাহাড়ি দেশে হঠাৎ নেমে আসা প্রাকৃতিক বিপর্যয়। নেপালের চিন সীমান্ত লাগোয়া রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বানের (Flash Flood) তাণ্ডবে ধূলিসাৎ বিস্তীর্ণ এলাকা। আর এই প্রতিকূল আবহাওয়ার মাঝেই সেখানে নতুন বাংলা ছবি ‘শিকারি’-র শুটিং করতে গিয়ে আটকে পড়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী-ও।
যোগাযোগ ব্যবস্থা আচমকা বিচ্ছিন্ন হয়ে পড়ায় অভিনেতাকে ফোন পাওয়া যায়নি। তবে টিভি নাইন বাংলার কাছে স্বস্তির খবর দিয়েছেন, অভিনেতা পুত্র তমোঘ্ন (বিহু) মুখোপাধ্যায়। তিনি জানান, আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি এবং তাঁর বাবা-মা দুজনেই সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন।
তমোঘ্ন বলেন, “বাবার সঙ্গে কথা হয়েছে, মা-ও সঙ্গে রয়েছেন। বিপর্যয় যেখানে ঘটেছে, সেখান থেকে অনেকটাই দূরে নিরাপদ আশ্রয়ে আছেন তাঁরা। তবে দুর্যোগের কারণে যানবাহন, বিমান চলাচলে সমস্যা হচ্ছে, সেই জন্যই ফিরতে খানিক দেরি হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই তাঁরা দ্রুত কলকাতায় ফিরে আসবেন।”
উল্লেখ্য, নেপালের এই আচমকা হড়পা বানের জলছবি ও ভিডিয়ো সামনে আসতেই আতঙ্কের প্রহর গুনছেন সাধারণ মানুষ। স্থানীয় প্রশাসন সূত্রের খবর, এই ভয়াবহ বিপর্যয়ে ইতিমধ্যেই অন্তত আটজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং নিখোঁজ শতাধিক। আটকে পড়া মানুষের মধ্যে অন্তত ১০৫ জন ভারতীয় নাগরিক রয়েছেন বলে জানা গিয়েছে। বর্তমানে উদ্ধারকার্য জোরকদমে চলছে।