ভাতা নয়, শুভেন্দুর লক্ষ্য আত্মনির্ভরতা, ৩৪০০ কোটির ৫ প্রকল্পের শিলান্যাস মুখ্যমন্ত্রীর
বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পরেই রাজ্যকে শিল্পবান্ধব হিসেবে তুলে ধরার কথা বার বার শোনা গিয়েছে বিজেপির শীর্ষ নেতা–নেত্রীদের মুখে। বিভিন্ন বণিকসভার অনুষ্ঠানে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যকে বলতে শোনা গিয়েছে, বাংলা থেকে তোলাবাজি–সংস্কৃতি উৎখাত করতে হবে। রাজ্যে তোলাবাজি–সংস্কৃতির যে পরিবর্তন হয়েছে, সেই বার্তা এ দিন মুখ্যমন্ত্রী দেওয়ার চেষ্টা করেন বিনিয়োগকারীদের। শুভেন্দুর কথায়, ‘আজ (রবিবার) অনেক ব্যবসায়ী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে বাংলায় পরিস্থিতি পরিবর্তনের কথা জানিয়েছেন। ওই ব্যবসায়ীরা রাজনাথজিকে জানিয়েছেন, এ রাজ্য থেকে তোলাবাজি, কাটমানি, গুন্ডামি বন্ধ হয়ে গিয়েছে।’
বিজেপির বর্ষীয়ান নেতা ও কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও খুশি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর তৎপরতায়। গত সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বাংলায় এসে শুভেন্দুকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। এ দিন গার্ডেনরিচের অনুষ্ঠানে রাজনাথ দাবি করেন, ‘মুখ্যমন্ত্রীর চেয়ারে শুভেন্দু বসার পরে বাংলায় সব কিছু শুভ হচ্ছে। চারদিকে বিনিয়োগের সুগন্ধ বেরোচ্ছে।’ তিনি বলেন, ‘আগে বাংলা থেকে শুধু শিল্প বন্ধ হওয়ার কথা শোনা যেত। এখন বাংলায় শুধুই বিনিয়োগের খবর। এটাই নতুন বাংলা।’ রাজনাথের কথায়, ‘বাংলায় সব শ্রেণির মানুষের মনে নতুন আত্মবিশ্বাস এসেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে শুভেন্দুর ভূমিকার তারিফ করে রাজনাথ বলেন, ‘৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দিয়েছে শুভেন্দুর সরকার। ভারতের বিকাশের পথে নতুন গতি আনবে পশ্চিমবঙ্গ।’