মোদীর জন্মদিনে মাসব্যাপী ‘সেবা সংকল্প’, নীতিনের ‘নবীন’ টিমের নজরেও জেন জ়ি - 24 Ghanta Bangla News
Home

মোদীর জন্মদিনে মাসব্যাপী ‘সেবা সংকল্প’, নীতিনের ‘নবীন’ টিমের নজরেও জেন জ়ি

Spread the love

এই সময়, নয়াদিল্লি: চলা শুরুর এক সপ্তাহের মধ্যেই আগামী দু’বছরের রূপরেখা তৈরি করে ফেলল বিজেপি সভাপতি নীতিন নবীনের নেতৃত্বাধীন নবগঠিত জাতীয় কমিটি৷ শনিবার দিল্লিতে দলের জাতীয় কমিটির সদস্যদের সঙ্গে প্রথমবার বৈঠকে বসেই নীতিন জানিয়ে দিয়েছেন— আগামী বছরের নির্ধারিত সাতটি রাজ্যের ভোট এবং ২০২৯-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই দেশের সর্বত্র দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে৷

পাশাপাশি আগামী দিনে দেশের সর্বত্র ছড়িয়ে থাকা যুব প্রজন্মের প্রতিনিধিদের সঙ্গেও নিরন্তর যোগাযোগ বৃদ্ধি করতে হবে, নবগঠিত জাতীয় কমিটির সদস্যদের সঙ্গে প্রথমবার বৈঠকে বসে জানিয়ে দিলেন খোদ বিজেপি সভাপতিই। দলীয় সূত্রের দাবি, জেন জ়ি প্রতিনিধিদের সঙ্গে নিরন্তর যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে বিজেপি সভাপতি এ দিন একটি ‘ডেডিকেটেড টিম’ তৈরি করে দিয়েছেন, যেখানে তিনি নিজে ছাড়াও থাকছেন জাতীয় কমিটির সদস্য স্মৃতি ইরানি, বিনোদ তাওড়ে, গুজরাটের মন্ত্রী হর্ষ সাংভি এবং ছত্তিসগড়ের মন্ত্রী ও পি চৌধরি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ১৭ সেপ্টেম্বর থেকে শুরু করে ১৭ অক্টোবর পর্যন্ত এক মাস ব্যাপী দেশ জুড়ে চালানো হবে ‘সেবা সংকল্প’ অভিযান৷ এই অভিযানের অংশ হিসেবে বিজেপির ডেডিকেটেড কোর টিম দেশের সব রাজ্যে গিয়ে যুব সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করবেন এবং সংশ্লিষ্ট আলোচনার গতি প্রকৃতি বিশ্লেষণ করে দলের শীর্ষ নেতৃত্বের কাছে রিপোর্ট পেশ করবেন বলে জানা গিয়েছে দলীয় সূত্রে।

নতুন জাতীয় কমিটির সঙ্গে এ দিন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নিজেও। সংগঠন শক্তিশালী করা ও জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির উপরে জোর দিয়েছেন তিনি। তাঁর মতে, এই ধরনের সাংগঠনিক বৈঠক এমন অনেক নতুন ধারণা ও দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনার সুযোগ করে দেয়, যার লক্ষ্য দলকে শক্তিশালী করা এবং জনগণের সঙ্গে দলের সম্পর্ক আরও সুদৃঢ় করা।

কংগ্রেস ইতিমধ্যেই জেন জ়ি এবং পড়ুয়াদের একাংশের মধ্যে প্রভাব বিস্তার করার লক্ষ্যে মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়েছে৷ জেন জ়ি-র মন পাওয়া গেলে ভোট যুদ্ধে বাড়তি মাইলেজ পাওয়া যেতে পারে— এই অঙ্ক কষেই এগোচ্ছে কংগ্রেস৷ দলের সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নিজে দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে ‘ছাত্রো কী গুঞ্জ’ সম্মেলনের আয়োজন করছেন। যেখানে সরকারকে নিশানা করে জেন জ়ি-র পাশে থাকার বার্তা দিচ্ছেন রাহুল নিজে৷ এই পরিস্থিতিতে কংগ্রেসের পাল্টা রণকৌশলে এ বার দেশের সব রাজ্যের জেন-জ়ি প্রতিনিধিদের মন পেতে কোমর বেঁধে মাঠে নামছে বিজেপি সভাপতি নীতিনের ‘নবীন’ কোর টিম৷

এদিন সন্ধের পরে বিভিন্ন রাজ্যের প্রদেশ বিজেপি সভাপতি, দলের প্রথম সারির নেতা, সাংসদ ও রাজ্যের মন্ত্রীদের সঙ্গে আলাদা করে বৈঠক করেন নীতিন নিজে৷ দলীয় সূত্রের দাবি, বাংলা থেকে এই বৈঠকে উপস্থিত ছিলেন নবগঠিত জাতীয় কমিটির সহ সভাপতি চিকিত্‍সক মধুছন্দা কর, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ মনোজ টিগ্গা, প্রদেশ সভাপতি ও সাংসদ শমীক ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় প্রমুখ৷ এই বৈঠকেই বাংলায় প্রথম বার ক্ষমতা পাওয়ার পরে আগামী দিনে কোন পথে এগোনো হবে তার রূপরেখা তৈরি করা হয়৷ সূত্রের দাবি, এই বৈঠকেই স্থির হয়েছে আগামী দিনে বাংলায় দলের বুথ সংগঠনকে আরও মজবুত করার উপরে জোর দেওয়া হবে৷ যে সব বিধানসভা আসনে জয়ের মার্জিন খুবই কম ছিল, সেখানে দলের সাংগঠনিক শক্তিকে অবিলম্বে আরও সুদৃঢ় করা হবে৷ পাশাপাশি মহিলা, তরুণ এবং প্রথম বারের ভোটারদের দলের মূল স্রোতের সঙ্গে আরও বেশি পরিমাণে সংযুক্ত করা হবে৷ একইসঙ্গে রাজ্য জুড়ে বিভিন্ন উন্নয়নমুখী কেন্দ্রীয় প্রকল্পের প্রচার করা হবে বাংলা ভাষায়৷

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *