টিটাগড় ওয়াগনের নতুন ইউনিট চালু, উদ্বোধনে শিল্পমন্ত্রী
এই সময়, হিন্দমোটর: উত্তরপাড়ায় নতুন ‘ডিজ়াইন অ্যান্ড অপারেশনস সেন্টার’ চালু করল টিটাগড় ওয়াগন কোম্পানি। শুক্রবার বিকেলে সংস্থার নতুন ভবনের সূচনা করেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায় এবং শ্রম ও পরিবহণ দপ্তরের মন্ত্রী অর্জুন সিংহ। ছিলেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর উমেশ চৌধুরী ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পৃথ্বীশ চৌধুরী।
জানা গিয়েছে, প্রায় ২৫ বছরের বেশি সময় ধরে রেলের কোচ তৈরি করছে সংস্থাটি। রাজ্যের পাশাপাশি সুরাট, আহমেদাবাদ, বেঙ্গালুরু ও মুম্বই মেট্রোর জন্য আধুনিক মেট্রো কোচ এবং ‘বন্দে ভারত স্লিপার’ কোচও তৈরি করছে তারা। হিন্দমোটরে প্রায় ৭৫ একর জমিতে এই কারখানায় প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ৭ থেকে ৮ হাজার মানুষ নির্ভরশীল।
তাপস রায় বলেন, ‘শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রে টিটাগর ওয়াগান কোম্পানি বাংলার বুকে নজির তৈরি করেছে, যা বাংলার শিল্প বিনিয়োগে নতুন গতি আনবে। যে ভাবে বন্দেভারত ও মেট্রো রেলের কোচ তৈরি করে এই কোম্পানি দেশের বুকে সুনামের সঙ্গে কাজ করে চলেছে, তাতে বাংলায় শিল্পে ফের জোয়ার আসবে।’
অর্জুন সিংহ বলেন, ‘বাম ও তৃণমূল জমানায় ৪৯ বছরে বাংলা পিছিয়ে গিয়েছে। এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা। পরিকাঠামো সংস্কার করে শিল্পে গতি আনবে ডাবল ইঞ্জিন সরকার।’ সংস্থার তরফে উমেশ চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যের শিল্পায়ন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর।’