জাতীয় শিক্ষানীতি কার্যকরে ত্রিস্তরীয় টাস্ক ফোর্স রাজ্যের
এই সময়: রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ২০২০–র জাতীয় শিক্ষানীতি (এনইপি) হুবহু কার্যকর করতে টাস্ক ফোর্স গঠন করল উচ্চশিক্ষা দপ্তর। বিশ্ববিদ্যালয়ের বিধি মেনে সিলেবাসের পুনর্গঠন, সহজে ক্রেডিট ট্রান্সফার, মাল্টিপল এন্ট্রি–এগজিটের পদ্ধতি তৈরি, প্রতিষ্ঠানগুলির নিজস্ব অ্যাকাডেমিক ও একজিকিউটিভ কাউন্সিল কাঠামোর মাধ্যমে পাঠ্যক্রম পরিবর্তন করার বিষয়ে এই টাস্ক ফোর্স বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সমন্বয় রক্ষার কাজ করবে। উচ্চশিক্ষায় বহুমুখী কোর্স ও নমনীয় ক্রেডিট ব্যবস্থা চালু, গবেষণামুখী পড়াশোনার বিকাশের পাশাপাশি শিল্প ক্ষেত্রের সঙ্গে যোগাযোগ রেখে চাহিদা মতো সিলেবাস তৈরির ক্ষেত্রে সাহায্য করবে এই টাস্ক ফোর্স।