‘বিয়েতে আমার বিশ্বাস…’, অনুরাগের সঙ্গে গাঁটছড়া না বাঁধা নিয়ে বিষ্ফোরক শুভ্রা
পরিচালক অনুরাগ ক্যাশ্যপ এবং তাঁর প্রেমিকা শুভ্রা শেট্টি দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন। কিন্তু বিয়ের কোনও পরিকল্পনা নেই তাঁদের। সম্প্রতি এক খোলামেলা আড্ডায় শুভ্রা তাঁদের বিয়ে না করার আসল কারণ খোলসা করেছেন। পাশাপাশি অনুরাগের সঙ্গে প্রথম দেখা করা এবং নিজের পরিবারের প্রতিক্রিয়ার কথা স্মৃতির পাতা থেকে শেয়ার করেন তিনি।
বয়সে অনুরাগের চেয়ে প্রায় ২০ বছরের ছোট শুভ্রা স্পষ্ট জানিয়েছেন যে তিনি বিয়ে নামক প্রতিষ্ঠানে একেবারেই বিশ্বাসী নন। শুভ্রার মতে, সম্পর্কে থাকার জন্য বা একে অপরকে ভালোবাসার জন্য আইনি বা সামাজিক বিয়ের কোনও প্রয়োজন নেই। ৫৩ বছর বয়সি অনুরাগের সঙ্গে শুভ্রার বয়সের ব্যবধান নিয়ে আলোচনা হলেও তাঁদের বোঝাপড়া বেশ মজবুত। অনুরাগও স্বীকার করেছেন যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি এই পার্থক্যের বিষয়ে কিছুটা সচেতন হয়েছিলেন, তবে এটি তাঁদের সম্পর্কে প্রভাব ফেলেনি।
অনুরাগের সঙ্গে সম্পর্কের কথা জানতে পেরে শুভ্রার পরিবারের প্রতিক্রিয়া কেমন ছিল? সে কথা বলতে গিয়ে শুভ্রা বলেন, তাঁর বাবা-মাকে কিছুই বোঝাতে হয়নি। তাঁর পরিবার অনুরাগের সঙ্গে দেখা করেই বুঝে গিয়েছিল। মজার বিষয় হলো, শুভ্রার বাবা-মা অনুরাগের চেয়ে মাত্র ২-৩ বছরের ছোট। অনুরাগ তাঁদের নিজের ‘বন্ধু’ বলেই মনে করেন। শুভ্রা হাসতে হাসতে বলেন, ‘আমার মা অনুরাগকে বলির পাঁঠা বলে ডাকেন, কারণ মা মনে করেন অনুরাগ বোকা বলেই আমার সঙ্গে রয়েছে! মায়ের মতে অনুরাগ আসলেই একজন অনুগত স্বামীর মতো।’
শুভ্রা যখন ‘ফ্যান্টম ফিল্মস’ (Phantom Films)-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতেন, তখন অনুরাগের সঙ্গে তাঁর পরিচয় হয়। শুভ্রার ভাষায়, তিনি অনুরাগকে তাঁর জীবনের সবচেয়ে ভালো সময়ে পেয়েছিলেন। ‘বোম্বে ভেলভেট’ সিনেমার মুক্তির আগে অনুরাগ খুব ফিট, আনন্দিত এবং প্রচুর বই ও সিনেমা দেখতেন। বই, সিনেমা এবং যৌথ পছন্দের নানা বিষয় থেকেই তাঁদের একে অপরের প্রতি ভালোবাসার সূচনা হয়।
শুভ্রার সঙ্গে লিভ-ইন সম্পর্কের আগে অনুরাগ ক্যাশ্যপ দু’বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। চলচ্চিত্র সম্পাদক আরতি বাজাজের সঙ্গে ৬ বছরের দাম্পত্য ছিল। ২০০৯ সালে তাঁদের বৈবাহিক জীবনের ইতি ঘটে। ‘আলিয়া ক্যাশ্যপ’ নামে তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। ২০১১ সালে অভিনেত্রী কালকি কেঁকলাকে বিয়ে করেন অনুরাগ। বিয়ের চার বছর পর ২০১৫ সালে তাঁদের বিচ্ছেদ হয়।