দ্বারকানাথের স্বপ্ন সফল করলেন ম্যাকডোনাল্ড - 24 Ghanta Bangla News
Home

দ্বারকানাথের স্বপ্ন সফল করলেন ম্যাকডোনাল্ড

Spread the love

নিখিলকুমার চক্রবর্তী

সাল ১৮৪৩। জর্জ স্টিফেনসনের ভাইপো স্যর রোনাল্ড ম্যাকডোনাল্ড স্টিফেনসন এলেন ভারতে। পেশায় ইঞ্জিনিয়ার এবং ইংল্যান্ডে রেলওয়ে প্রোমোটার। মূলত তাঁর উদ্যোগে ১৮৪৫-এর মে মাসে তৈরি হয়েছিল ইন্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি (ইআইআর)। ১৮৪৯-এর ১৭ অগস্ট ইস্ট ইন্ডিয়ান কোম্পানি এবং ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানির মধ্যে একটি চুক্তি হয়।

সেই চুক্তির অন্যতম অংশ ছিল কলকাতা থেকে রাজমহল (বর্ধমান হয়ে) ১৬১ কিলোমিটার রেললাইন তৈরির কাজ হাতে পায় ইআইআর। তবে ভারতে রেললাইন পাতার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল আরও একজনের। তিনি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন ১৮৪২-এ। সেখানে ট্রেনে চড়ার অভিজ্ঞতা থেকে দ্বারকানাথ অনুভব করেন, ভারতেও তা চালু করা কতটা প্রয়োজনীয়।

সেই সময়ে রানিগঞ্জ অঞ্চলে জোরকদমে চলছে তাঁর ‘কার টেগোর অ্যান্ড কোম্পানি।’ পাশাপাশি বেশ কিছু কয়ালখানির মালিকও ছিলেন তিনি। দ্বারকানাথ বুঝতে পারেন, খনি থেকে তোলা কয়লা অজয়, দামোদর, ভাগীরথী দিয়ে যাওয়ার পথে কোনওরকম দুর্ঘটনা ঘটলে ব্যবসার চরম ক্ষতি হবে। ফলে রেললাইন পাতা আবশ্যক।

দেশে ফিরেই দ্বারকানাথ ‘দ্য গ্রেট ওয়েস্টার্ন বেঙ্গল রেলওয়ে’ তৈরি করে রানিগঞ্জ অঞ্চলের কয়লা বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য রেলপথ তৈরির উপরে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু ১৯৪৬-এ তাঁর মৃত্যু হওয়ায় সেই উদ্যোগ অসমাপ্ত থেকে যায়। তার পরে ম্যাকডোনাল্ড স্টিফেনসন এই দেশে রেললাইন পাতার কাজ শুরু করেন।

পূর্ব ভারতে প্রথম যাত্রিবাহী ট্রেন হাওড়া ও হুগলির মধ্যে চলতে শুরু করে ১৮৫৪ সালের ১৫ অগস্ট। প্রথম যাত্রায় সেই ট্রেন থেমেছিল বালি, শ্রীরামপুর এবং চন্দননগরে। তবে তখন রবিবার কোনও ট্রেন চলত না। তা শুরু হয় ১৮৫৮-এর ১১ এপ্রিল থেকে। তার পরেই শিুরি রানিগঞ্জ পর্যন্ত ট্রেন চালানোর উদ্যোগ। পরীক্ষামূলক ভাবে বর্ধমান পর্যন্ত ট্রেন চলে ১৮৫৪-এর ২০ ডিসেম্বর। তবে আনুষ্ঠানিক ভাবে পাণ্ডুয়া থেকে বর্ধমানে ট্রেন চলতে শুরু করে ১৮৫৫-এর ৩ ফেব্রুয়ারি। ঠিক ছিল, সেই ট্রেনযাত্রায় বিশেষ অতিথি হিসেবে থাকবেন সেই সময়ের বড়লাট লর্ড ডালহৌসি। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। তিনি ছিলেন হাওড়া স্টেশনে।

বর্ধমানের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ম্যাকডোনাল্ড স্টিফেনসন এবং সেই সময়ে বর্ধমানের মহারাজা। আমন্ত্রিত অতিথিদের নিয়ে দু’টি বিশেষ ট্রেন বর্ধমানে পৌঁছয় বেলা সাড়ে বারোটা নাগাদ। হাতির পিঠে চেপে স্টেশনে এসেছিলেন বর্ধমানের মহারাজা। তিনিই অতিথিদের আপ্যায়ন করেন। সবাইকে পানাহার করান। বেলা সাড়ে তিনটে নাগাদ ট্রেন দু’টি আবার রওনা দেয় হাওড়ার উদ্দেশে।

৫ ফেব্রুয়ারি থেকে সাধারণের জন্য হাওড়া থেকে রানিগঞ্জ পর্যন্ত রেললাইন খুলে দেওয়া হয়। সেই শুরু হলো বর্ধমানের উপর দিয়ে যাত্রিবাহী ট্রেনের যাতায়াত। ধীরে ধীরে পাল্টাতে থাকে বর্ধমান শহরের আঙ্গিকও। বিশেষ করে, রেললাইন সংলগ্ন অঞ্চলগুলির উন্নতি হতে থাকে। বর্ধমান শহরের কাঞ্চননগর, তেজগঞ্জ, আলমগঞ্জ এলাকাগুলির চেহারা পাল্টাতে থাকে। ক্রমে সেই জায়গাগুলিও রেলের মানচিত্রে জায়গা করে নেয়।

(লেখক রেলের অবসরপ্রাপ্ত আধিকারিক ও সাহিত্যিক। অনুলিখন: রূপক মজুমদার)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *