Govinda reacts to Sunita Ahuja: লাস্য়ময়ীর ‘সুগার ড্যাডি’ গোবিন্দা! বলছেন স্ত্রী সুনীতাই, শুনে কী বললেন চিচি? | Govinda Slams Wife Sunita Ahuja’s ‘Sugar Daddy’ Remark Over Rumoured Girlfriend Komal Rani
গোবিন্দা (Govinda)-র ব্যক্তিজীবন নিয়ে এখন বলিপাড়ায় জোর চর্চা। পর্দায় একসময় যিনি নিজের দুর্দান্ত কমেডি আর নাচ দিয়ে সবাইকে তাক লাগাতেন, তাঁর নিজের সংসারেই এখন রীতিমতো মেগা সিরিয়াল চলছে। স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে তাঁর সম্পর্ক যে মোটেই ভালো যাচ্ছে না, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। আর এই অশান্তির আগুনে নতুন করে ঘি ঢেলেছে সুনীতার একটি বিস্ফোরক মন্তব্য।
সম্প্রতি গোবিন্দার নাম জড়িয়েছে কোমল রানি স্বর্ণকার নামে এক অভিনেত্রীর সঙ্গে। উত্তরপ্রদেশের মেয়ে কোমল গোবিন্দার কামব্যাক ছবি ‘রূপা’-তে অভিনয় করছেন। পর্দার রসায়ন নাকি বাস্তবেও গড়িয়েছে! তাঁদের দুজনকে আজকাল প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে। আর তা দেখেই রেগে আগুন স্ত্রী সুনীতা। তিনি সংবাদমাধ্যমের সামনে গোবিন্দাকে সোজাসুজি কোমলের ‘সুগার ড্যাডি’ বলে কটাক্ষ করে বসেন।
সুনীতা বলেন, “বাবার বয়সি একটা লোক মেয়ের বয়সি একটা মেয়েকে নিয়ে ঘুরছে! একটু তো লজ্জা থাকা উচিত।” এখানেই না থেমে কোমলের পোশাক নিয়েও খোঁটা দেন তিনি। সুনীতার মন্তব্য, “তোমার সুগার ড্যাডি যখন এতই বড়লোক, তখন অন্তত ভদ্রস্থ পোশাক তো পরতে পারো। খুব খারাপ অবস্থা, লোকটা পুরো পাগল হয়ে গিয়েছে।”
বউয়ের মুখে এমন অপমানজনক কথা শুনে চুপ করে থাকার পাত্র নন ‘হিরো নম্বর ওয়ান’ও। পাপারাৎজিদের সামনেই স্ত্রীকে একেবারে ধুয়ে দিয়েছেন তিনি। গোবিন্দা বেশ কড়া সুরেই সুনীতাকে বলেন, “নিজের সীমায় থাকো।”
অভিনেতা আরও বলেন, “দেশের সব বড় শিল্পীরাই কমবয়সি মেয়েদের সঙ্গে কাজ করেছেন। তুমি আমাকে মানুষের মন থেকে নিচে নামিয়ে দেওয়ার কোনও সুযোগই ছাড়ছ না। ঈশ্বর তোমাকে খ্যাতি, সম্মান, টাকা সব দিয়েছেন। কিন্তু তার মানে এই নয় যে, যার কাছে এসব নেই তাকে তুমি কথায় কথায় অপমান করবে। তোমার একটু নিজের সীমার মধ্যে থাকা উচিত।”
এর আগে অবশ্য গোবিন্দা সুনীতার অভিযোগ নিয়ে একটু নরম সুরেই কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন যে, সুনীতা তাঁকে ভালোবেসেই গালমন্দ করেন। কিন্তু এবারের পরিস্থিতি দেখে মনে হচ্ছে জল অনেক দূর গড়িয়েছে। ১৯৮৭ সালে চুপিসারে বিয়ে করেছিলেন গোবিন্দা ও সুনীতা। কিন্তু দীর্ঘ এত বছর পর সেই সম্পর্কে যে বড়সড় ফাটল ধরেছে, তা আর কারও অজানা নেই। এখন দেখার এই বিতর্ক আগামী দিনে ঠিক কোন মোড় নেয়।