সাড়ে তিন বছরের শিশুকন্যার উপরে মিটিয়েছিল যৌন লালসা, এক মাসেই অপরাধীকে সাজা দিল পকসো আদালত | 3 5 year old girl physical assault case pocso court sentences accused within one month
শিশুকন্যাকে নির্যাতনের মামলায় রায় দিল আদালত।Image Credit: TV9 বাংলা
বালুরঘাট: সাড়ে তিন বছরের এক শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে প্রতিবেশী এক ব্যক্তিকে ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল দক্ষিণ দিনাজপুর জেলা স্পেশাল পকসো আদালতের। বুধবার এই রায় দান করেন বিচারক অনিন্দিতা গাঙ্গুলি।
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালে ১৬ অক্টোবরের ঘটনা এটি। বালুরঘাট থানা এলাকার একটি গ্রামে এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। অভিযোগ, প্রতিবেশী এক ব্যক্তির বাড়ির সামনে রাখা একটি টোটোর কাছে খেলছিল সাড়ে তিন বছরের ওই শিশুটি। খেলা শেষে বাড়ি ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। বাড়ির লোককে গোপনাঙ্গে প্রবল যন্ত্রণার কথা জানায়। এরপর পরিবারের সদস্যরা তাঁকে জিজ্ঞাসা করলে, শিশুটি পুরো ঘটনা পরিবারকে জানায়।
এর পরই বালুরঘাট থানার দ্বারস্থ হয় পরিবার। লিখিত অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে বালুরঘাট থানার পুলিশ। পরবর্তী সময়ে মামলাটি দক্ষিণ দিনাজপুর জেলা স্পেশাল পকসো আদালতে ওঠে। প্রসিকিউশন পক্ষের তরফে দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও সাক্ষ্য আদালতে পেশ করা হয়। গত ১ জুলাই মামলায় আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। অল্প সময়ের মধ্যেই সাক্ষ্যগ্রহণ-সহ বিচারপ্রক্রিয়া শেষ করে আদালত। আজ, বুধবার এই মামলার রায় ঘোষণা করেন বিচারক।
এই মামলার রায় নিয়ে জেলার সরকারি আইনজীবী সুদীপ রায় চৌধুরী বলেন, “২০২৫ সালের অক্টোবর মাসের বালুরঘাট থানার অন্তর্গত একটি পকসো মামলায় আজ রায়দান করেছেন এডিজে দ্বিতীয় কোর্টের(পকসো আদালত) বিচারক অনিন্দিতা গাঙ্গুলি। অভিযুক্তকে পকসো আইনের ১০ ও ১২ ধারায় দোষী সাব্যস্ত করে ১০ নম্বর ধারার জন্য ৫ বছরের সাজা ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বিচারক। এবং ১২ নম্বর ধারার জন্য ৩ বছরের সাজা ও ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। এক বছরের আগেই এই মামলাটি নিষ্পত্তি হয়েছে। এবং আশা করছি ভবিষ্যতেও অন্যান্য মামলার দ্রুত নিষ্পত্তি হবে।”