হোটেলে কেবল টিভিতে গানে কপিরাইট কাঁটা! নিতে হবে লাইসেন্স, নির্দেশ কলকাতা হাইকোর্টের
‘ইন্ডিয়ান পারফর্মিং রাইট সোসাইটি লিমিটেড বনাম হোটেল অ্যাপোলো অ্যান্ড ট্যুরস প্রাইভেট লিমিটেড’ মামলায় দার্জিলিংয়ের জেলা আদালতের আগের নির্দেশ খারিজ করে হাইকোর্ট অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করেছে। মামলার সূত্রে জানা যায়, হোটেলের প্রতিটি ঘরে কেবল সংযোগের মাধ্যমে টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান ও গান দেখানো হতো। মামলাকারী সংগঠনের অভিযোগ, তাদের সদস্যদের মালিকানাধীন সাহিত্য ও গান এ ভাবে অতিথিদের কাছে পৌঁছে দেওয়া হলেও প্রয়োজনীয় লাইসেন্স নেওয়া হয়নি। এমনকী সে বাবদ রয়্যালটিও দেওয়া হয়নি। এই অভিযোগে হোটেলের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। দার্জিলিংয়ের জেলা আদালত মামলাকারী সংগঠনের অন্তর্বর্তী নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দেয়। আদালতের যুক্তি ছিল, কেবল অপারেটরের পরিষেবা নেওয়ার ক্ষেত্রে হোটেলের নিজস্ব ভূমিকা সীমিত। সেই সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ করে আইপিআরএস।