Canning: একসঙ্গে বাজার থেকে ফেরেন, সকালে দম্পতির অবস্থা দেখে আঁতকে উঠল সবাই – Bengali News | Couple dead body found from room in Canning
রুম থেকে দম্পতির দেহ উদ্ধার হয়Image Credit source: TV9 Bangla
ক্যানিং: স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন স্বামী। এই নিয়ে দম্পতির নিত্য অশান্তি হত। রবিবার সকালে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার হল বাড়ি থেকে। অভিযোগ, স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন যুবক। মৃতদের নাম নাজির মোল্লা (২৩) এবং রিঙ্কি মোল্লা(২১)। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের।
মৃত দম্পতির বাড়ি ক্যানিংয়ের তালদি গ্রাম পঞ্চায়েতের বয়ারসিং গ্রামে। বছর তিনেক আগে তাঁদের বিয়ে হয়েছিল। বছর খানেক আগে থেকে ওই দম্পতি সম্পর্কের অবনতি শুরু হয়। স্থানীয় বাসিন্দারা বলছেন, নাজির সন্দেহ করতেন, তাঁর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এই নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝামেলা হত তাঁর।
রাজু লস্কর নামে মৃত যুবকের এক আত্মীয় বলেন, রবিবার সকালে পরিবারের লোকজন দেখেন, ওই দম্পতি ঘুম থেকে ওঠেননি। তখন তাঁরা নাজিরকে ডাকতে যান। তখনই দু’জনের ঝুলন্ত দেহ দেখতে পান। ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কী কারণে এই মৃত্যু, তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রতিবেশী এক ব্যক্তি বলেন, নাজির সবসময় স্ত্রীকে সন্দেহ করতেন। এই নিয়েই ২ জনের ঝগড়া হত। আবার ঠিকও হয়ে যেত। গতকালও দু’জনে একসঙ্গে বাজার গিয়েছিলেন। তারপর এদিন সকালে দু’জনের দেহ উদ্ধার হয়।
