কড়া বার্তার পরও নালিশ তোলাবাজির, নজরদারিতে পর্যবেক্ষকরা
এই সময়: তোলাবাজদের খুঁজে বের করতে জেলা পর্যবেক্ষকদের বাড়তি দায়িত্ব দিল বিজেপি। ইতিমধ্যেই তোলাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দলের ২৫০ জনকে শো–কজ় করা হয়েছে। সাসপেন্ড হয়েছেন অন্তত ২২ জন। তবুও বাংলায় তোলাবাজ–মুক্ত বিজেপি গড়তে পারছেন না শমীক ভট্টাচার্যরা। কারণ, পার্টির রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও বিজেপির নাম করে স্থানীয় স্তরে কিছু নেতা–কর্মী তোলা আদায়ের জন্য ব্যবসায়ীদের উপরে চাপ দিচ্ছেন বলে অভিযোগ। পরিস্থিতির গুরুত্ব আঁচ করে সাংগঠনিক নজরদারি আরও বাড়াতে চাইছে বিজেপি। পদ্ম–বনে ঢুকে থাকা তোলাবাজদের খুঁজে বার করার ভার বর্তেছে দলের জেলা পর্যবেক্ষকদের উপরে।
বাংলায় বিনিয়োগ টানাই এই মুহূর্তে বিজেপির ফার্স্ট প্রায়োরিটি। তার জন্য সবার আগে প্রয়োজন তোলাবাজ–মুক্ত পশ্চিমবঙ্গ গড়ে তোলা। তাই এক দিকে শিল্পপতিদের বাংলায় বিনিয়োগ জানানোর আহ্বান এবং অন্য দিকে, তোলাবাজদের ডানা ছাঁটা— দুটো কাজই সমান্তরাল ভাবে করে যেতে চাইছেন পদ্ম নেতৃত্ব। যেমন, শনিবারই রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য দাবি করেন, বিড়লারা বাংলায় আরও বিনিয়োগের পরিকল্পনা করেছে। শিল্পায়নের পথ মসৃণ করতে তাই আগেই তোলাবাজদের চিহ্নিত করতে জেলা পর্যবেক্ষকদের মাঠে নামিয়েছেন তিনি। কিন্তু তারপরেও তোলাবাজদের সক্রিয়তায় রাশ টানা যাচ্ছে না।
খাস কলকাতাতেই এক বিজেপি নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ সামনে এসেছে শনিবার। বেহালার সরশুনায় বাইক সারানোর গ্যারাজ থেকে স্থানীয় এক বিজেপি নেতা ১০ হাজার টাকা তোলা চেয়েছিলেন এবং গ্যারাজ মালিক তোলা দিতে অস্বীকার করায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরশুনার ১২৭ নম্বর ওয়ার্ডের বিজেপির মণ্ডল সভাপতি বিট্টু সরকারের বিরুদ্ধে সরশুনা থানায় অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যেই। বিজেপি নেতার বিরুদ্ধে তোলা চাওয়ার অভিযোগ উঠেছে উত্তরবঙ্গের শিলিগুড়িতেও। সেখানে এক পাব মালিকের কাছ থেকে ৫০ লক্ষ টাকা তোলা দাবি করার অভিযোগে চেষ্টার অভিযোগে ভক্তিনগর থানার পুলিশ এক ব্যক্তিকে শনিবার গ্রেপ্তার করেছে। ধৃতের নাম গোপাল শীল। তিনি নিজেকে বিজেপির একাধিক নেতা–মন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচয় দিতেন। অভিযোগ, বিজেপির নেতা–মন্ত্রীদের নাম ব্যবহার করে সেবক রোডের এক পাব মালিকের থেকে ৫০ লক্ষ টাকা তোলা দাবি করেছিলেন তিনি। পাব মালিক রাহুল শাহ পুলিশ–সহ মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানান। শনিবার গোপালকে গ্রেপ্তার করা হয়।
পূর্ব বর্ধমানের গুসকরায় বাস মালিকদের কাছ থেকে অনৈতিক ভাবে টাকা তোলার অভিযোগ উঠেছে আরএসএসের শ্রমিক সংগঠন বিএমএসের নাম করে। যদিও যে কুপন দিয়ে টাকা আদায় করা হচ্ছিল, সেখানে গেরুয়া পতাকার ছবি থাকলেও কোনও সংগঠনের নাম ছিল না। বাসপিছু এ ভাবে টাকা নেওয়ার কথা অস্বীকার করেননি বিএমএস–এর পূর্ব বর্ধমান জেলা সভাপতি মাধব দাস। তিনি এ দিন বলেন, ‘এই টাকা কোনও রাজনৈতিক দলের চাঁদা নয়। বাসস্ট্যান্ডে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য ছ’জন কর্মীকে রাখা হয়েছিল। তাঁদের পারিশ্রমিক দেওয়ার জন্যই ওই টাকা নেওয়া হচ্ছিল।’ গুসকরার বিজেপি–নেত্রী দেবযানী গড়াই বলেন, ‘ওখানে যে ছেলেরা টাকা নিচ্ছিল, তারা বিজেপির কেউ নয়। তারা বিএমএস–এর কর্মী। তাদের ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সেটা আরএসএস–এর বিষয়।’ বিষয়টি প্রকাশ্যে আসায় এ দিনই অবশ্য টাকা তোলা বন্ধের নির্দেশ দেন বিএমএস নেতৃত্ব। পূর্ব বর্ধমানের কাটোয়ায় বিএলআরআরও–র অফিসে মুহুরির কাজ করতে হলে পাঁচ লক্ষ টাকা তোলা দিতে হবে— এই হুমকি দিয়ে মুহুরিকে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির দুই স্থানীয় নেতার বিরুদ্ধে। এ নিয়ে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বিজেপি সূত্রের খবর, সব জেলা থেকেই বিচ্ছিন্ন ভাবে তোলাবাজির নানা অভিযোগ আসছে। প্রতিটি ঘটনার চুলচেরা বিশ্লেষণ করে বিজেপি নেতৃত্ব বুঝতে চাইছেন, দলের কারা কারা তোলাবাজদের মদত দিচ্ছে অথবা সরাসরি তোলাবাজির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। এর জন্যই জেলা পর্যবেক্ষকদের বাড়তি দায়িত্ব দিয়েছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। জেলা পর্যবেক্ষকরা তোলাবাজির ঘটনাগুলি বিশ্লেষণ করে রিপোর্ট জমা দেবেন রাজ্য নেতাদের কাছে। বিজেপির এক বর্ষীয়ান নেতার কথায়, ‘তোলাবাজি নির্মূল হয়নি, এটা ঠিক। কিন্তু দল হিসেবে বিজেপির তোলাবাজ–বিরোধী অবস্থান সবার চোখে পড়েছে। অচিরেই তোলাবাজরা বুঝে যাবে, বিজেপিতে থেকে তারা বিশেষ সুবিধ করতে পারবে না।’ শমীক ভট্টাচার্য অবশ্য মনে করছেন, কোনও ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য তিন মাস যথেষ্ট নয়। এ দিন কলকাতায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘বাংলায় নতুন সরকারের বয়স মাত্র তিন মাস। কেউ যদি ভাবেন, এর মধ্যেই সব কিছুর পরিবর্তন হবে, তা হলে তিনি ভুল ভাবছেন। সময় দিতে হবে।’