Hooghly: পোলবার হোটেলে মধুচক্রের অভিযোগ, হানা দিয়ে হাতেনাতে ধরল পুলিশ | Police Raid Hotel in Hooghly’s Polba Over Alleged Illegal Activities, 5 Detained
হোটেলে হানা দিয়ে ৫ জনকে আটক করল পুলিশImage Credit: TV9 Bangla
পোলবা: নতুন হোটেল তৈরি হয়েছে। সেখানেই বাইরে থেকে যুবক-যুবতীরা এসে কয়েকঘণ্টার জন্য রুম ভাড়া নিচ্ছে। হোটেলে মধুচক্রের আসর বসে বলে অভিযোগ। আর সেই অভিযোগ পেয়েই হানা দিল পুলিশ। হাতেনাতে ধরল কয়েকজনকে। ঘটনাটি হুগলির পোলবার। ওই হোটেলের হানা দিয়ে সেখানকার ম্যানেজার-সহ ৫ জনকে আটক করল পুলিশ।
পোলবা থানার সুগন্ধায় দিল্লি রোডের পাশে ওই হোটেলে দেহ ব্যবসা চলছে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালায় পোলবা থানার পুলিশ। হুগলি গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি (ডিইবি) পারমিতা মুখোপাধ্যায় ও পোলবা থানার ওসি তন্ময় বাগের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। দলে মহিলা পুলিশকর্মীরাও ছিলেন। হোটেল থেকে দু’জন যুবতী এবং দু’জন যুবককে আটক করা হয়। হোটেলের ম্যানেজারকেও আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আটক যুবক যুবতীদের পরিচয় খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
সুগন্ধার ওই তিনতলা ঝাঁ চকচকে হোটেলটি সম্প্রতি তৈরি হয়েছে। শুধু থাকার জন্য ভাড়া দেওয়া হয়। আর সেখানেই বাইরে থেকে অনেকে এসে কয়েক ঘণ্টার জন্য ঘর ভাড়া নেয় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই হোটেলে দেহব্যবসা চলে। এতে এলাকার পরিবেশ খারাপ হচ্ছে বলে সরব হন তাঁরা। বিষয়টি নিয়ে প্রকাশ্যে পুলিশ মুখ খোলেনি। তবে পুলিশ সূত্রে খবর, নতুন ওই হোটেলে দেহব্যবসার অভিযোগ পেয়েই হানা দিয়েছিল তারা। আর সেখানেই চারজনকে আটক করা হয়। হোটেলের ম্যানেজারকেও আটক করে সবদিক খতিয়ে দেখা হচ্ছে।
গতকাল সন্ধেয় পোলবার আলিনগর ও রাজহাটের দুটি পানশালাতেও অভিযান চালায় পুলিশ। তবে সেখানে বেআইনি কিছু পাওয়া যায়নি। সেখান থেকে কাউকে আটক কিংবা গ্রেফতার করা হয়নি।