আয়ুষ্মান ভারত প্রকল্পে জালিয়াতি বিরোধী অভিযান! ২০০০ র বেশি হাসপাতাল বাদ ১২০০ সাসপেন্ড
নয়াদিল্লি: সাধারণ মানুষের চিকিৎসার খরচ কমাতে কেন্দ্রের অন্যতম (Ayushman Bharat)গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত। কিন্তু এই প্রকল্পের সুবিধাকে কাজে লাগিয়ে কোথাও ভুয়ো বিল, কোথাও অতিরিক্ত…
নয়াদিল্লি: সাধারণ মানুষের চিকিৎসার খরচ কমাতে কেন্দ্রের অন্যতম (Ayushman Bharat)গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত। কিন্তু এই প্রকল্পের সুবিধাকে কাজে লাগিয়ে কোথাও ভুয়ো বিল, কোথাও অতিরিক্ত টাকা দাবি, আবার কোথাও রোগীর পরিচয় ব্যবহার করে বেআইনি ভাবে দাবি তোলার অভিযোগ সামনে আসতেই এবার আরও কড়া পদক্ষেপের পথে প্রশাসন। প্রকল্পে অনিয়ম ও জালিয়াতির বিরুদ্ধে তদন্ত যত এগোচ্ছে, ততই প্রকাশ্যে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩১ মে পর্যন্ত আয়ুষ্মান ভারত (Ayushman Bharat)প্রকল্পের আওতা থেকে ২,০০০-এর বেশি হাসপাতালকে ডি-এমপ্যানেল করা হয়েছে। অর্থাৎ, ওই হাসপাতালগুলিকে সরকারি স্বাস্থ্য প্রকল্পের অনুমোদিত হাসপাতালের তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সময়ে আরও প্রায় ১,২০০ হাসপাতালের পরিষেবা বা প্রকল্পে অংশগ্রহণ স্থগিত করা হয়েছে। হাসপাতালগুলির বিরুদ্ধে প্রকল্পের নিয়ম ভঙ্গ, সন্দেহজনক চিকিৎসা সংক্রান্ত দাবি এবং আর্থিক অনিয়মের মতো অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা যাচ্ছে।
আরও দেখুনঃ বিদেশি মুদ্রার চাপ কমাতে ঘরে পড়ে থাকা সোনা জমা দেওয়া যাবে স্বর্ণ ব্যাবসায়ীদের কাছে! প্রস্তাব মোদীর
শুধু হাসপাতাল বাদ দেওয়া বা সাসপেন্ড করার মধ্যেই অভিযান সীমাবদ্ধ নেই। তদন্তের ভিত্তিতে ২৯টি এফআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন অনিয়মের জন্য মোট ৩২৮.৪৯ কোটি টাকা জরিমানাও আরোপ করা হয়েছে। ফলে স্পষ্ট, আয়ুষ্মান ভারত প্রকল্পের (Ayushman Bharat)টাকা নয়ছয় বা নিয়ম ভেঙে সুবিধা নেওয়ার অভিযোগকে এবার আর হালকা ভাবে দেখছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তদন্তকারীদের নজরে এসেছে একাধিক ধরনের অনিয়ম। অভিযোগের মধ্যে রয়েছে রোগীর চিকিৎসার নামে অনুমোদনের বাইরে বিল তৈরি করা, একই চিকিৎসা বা পরিষেবার জন্য একাধিকবার দাবি জমা দেওয়া এবং প্রকৃত খরচের তুলনায় চিকিৎসা পদ্ধতির খরচ অস্বাভাবিক ভাবে বাড়িয়ে দেখানো। এমনকী কিছু ক্ষেত্রে রোগীর পরিচয় বা তথ্য অপব্যবহার করে প্রকল্পের আওতায় টাকা দাবি করার অভিযোগও সামনে এসেছে।
আরও দেখুনঃ যোগী রাজ্যে এনকাউন্টারে শেষ কুখ্যাত গ্যাংস্টার-হিন্দু ব্যাবসায়ীদের আতংক মহম্মদ ফুরকান
এই ধরনের জালিয়াতি ধরতে প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের বিপুল সংখ্যক চিকিৎসা সংক্রান্ত দাবি বা ক্লেমের মধ্যে কোনগুলি স্বাভাবিক এবং কোনগুলিতে সন্দেহজনক কিছু রয়েছে, তা শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর ফলে সন্দেহজনক ক্লেম জমা পড়ার ২৪ ঘণ্টার মধ্যেই সেগুলিকে চিহ্নিত করার সক্ষমতা তৈরি হয়েছে বলে দাবি করা হচ্ছে।
স্বাস্থ্য প্রকল্পে AI ব্যবহারের বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ প্রতিদিন বিপুল সংখ্যক রোগীর চিকিৎসা সংক্রান্ত তথ্য এবং আর্থিক দাবি জমা পড়ে। প্রতিটি নথি বা ক্লেম মানুষের পক্ষে আলাদা করে পরীক্ষা করা সময়সাপেক্ষ। সেখানে AI-ভিত্তিক প্রযুক্তি অস্বাভাবিক প্যাটার্ন, একই ধরনের বারবার দাবি, চিকিৎসার খরচের অসঙ্গতি বা রোগীর তথ্যের সম্ভাব্য অপব্যবহার দ্রুত শনাক্ত করতে সাহায্য করতে পারে।
তবে এই কড়াকড়ির সবচেয়ে বড় উদ্দেশ্য শুধু সরকারি অর্থের অপচয় বন্ধ করা নয়। আয়ুষ্মান ভারত (Ayushman Bharat)প্রকল্প মূলত দরিদ্র ও আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য তৈরি। ফলে কোনও হাসপাতাল যদি ভুয়ো দাবি বা বেআইনি বিলের মাধ্যমে প্রকল্পের টাকা আত্মসাৎ করে, তার সরাসরি প্রভাব পড়ে প্রকৃত সুবিধাভোগীদের উপর। সেই কারণেই হাসপাতালগুলির জবাবদিহি নিশ্চিত করা এবং প্রকল্পের অর্থ সঠিক জায়গায় পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি।
আরও দেখুনঃ ‘রাজনীতিতে নেমে ডিমকে ভয়? বিপ্লবীরা বুকে গুলি নিয়েছিলেন’, ভর্ৎসিত মহুয়া