'কাটমানি' অভিযোগে কড়া বঙ্গ-বিজেপি, বহিষ্কার ৩০-এর বেশি নেতা-কর্মী - 24 Ghanta Bangla News
Home

‘কাটমানি’ অভিযোগে কড়া বঙ্গ-বিজেপি, বহিষ্কার ৩০-এর বেশি নেতা-কর্মী

Spread the love

কলকাতা: সংগঠনের ভিতরে শৃঙ্খলা ফেরাতে এবং তোলাবাজি-দুর্নীতির অভিযোগে কড়া অবস্থান নিল বঙ্গ-বিজেপি (West Bengal BJP)। দলের দাবি, মে মাসে নতুন রাজ্য নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর…

কলকাতা: সংগঠনের ভিতরে শৃঙ্খলা ফেরাতে এবং তোলাবাজি-দুর্নীতির অভিযোগে কড়া অবস্থান নিল বঙ্গ-বিজেপি (West Bengal BJP)। দলের দাবি, মে মাসে নতুন রাজ্য নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর থেকে তোলাবাজি, দুর্নীতি এবং দলবিরোধী কার্যকলাপের অভিযোগে ৩০ জনেরও বেশি নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি প্রায় ২৫০ জনকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে। রাজ্য শৃঙ্খলা রক্ষা কমিটি জানিয়েছে, ভবিষ্যতেও এই ধরনের অভিযোগে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক সময়ে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব বারবার সংগঠনের মধ্যে ‘কাটমানি সংস্কৃতি’ নির্মূল করার বার্তা দিয়েছে। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পাশাপাশি প্রবীণ নেতা ও মন্ত্রী দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পাল প্রকাশ্যেই জানিয়েছেন, তোলাবাজি বা আর্থিক অনিয়মের সঙ্গে যুক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না। সম্প্রতি শমীক ভট্টাচার্য দলীয় কর্মীদের ১৫ দিনের সময়সীমা দিয়ে সতর্ক করে বলেন, অভিযোগ প্রমাণিত হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার দলের রাজ্য শৃঙ্খলা রক্ষা কমিটির প্রধান প্রতাপ বন্দ্যোপাধ্যায় জানান, প্রতিটি অভিযোগ নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে খতিয়ে দেখা হয়। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিকে শোকজ নোটিস পাঠানো হয় এবং তাঁর জবাব পর্যালোচনা করার পরই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, যাঁদের বিরুদ্ধে গুরুতর অভিযোগের প্রমাণ মিলেছে, তাঁদের বিরুদ্ধে সাসপেনশন বা বহিষ্কারের মতো ব্যবস্থা নেওয়া হয়েছে। আবার তদন্তে নির্দোষ প্রমাণিত হওয়ায় কয়েকজনকে পুনরায় দলে ফিরিয়েও নেওয়া হয়েছে।

দলীয় সূত্রের দাবি, এখনও পর্যন্ত যাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাঁদের অধিকাংশই জেলা, মণ্ডল এবং বুথ স্তরের সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তবে এখন থেকে তৃণমূল স্তরের কর্মীদের উপরও আরও নিবিড় নজরদারি চালানো হবে বলে জানিয়েছে রাজ্য নেতৃত্ব।

দলের এক শীর্ষ পদাধিকারী জানান, শৃঙ্খলা রক্ষা কমিটি অভিযোগ পাওয়ার পর তদন্ত করে, প্রয়োজন হলে শোকজ করে এবং দলীয় সংবিধান ও আদর্শের ভিত্তিতে রিপোর্ট তৈরি করে। সেই রিপোর্টের ভিত্তিতে সতর্কবার্তা, সাময়িক বরখাস্ত বা প্রাথমিক সদস্যপদ খারিজের মতো সুপারিশ রাজ্য সভাপতির কাছে পাঠানো হয়।

এরই মধ্যে রবিবার দলীয় কর্মীদের সতর্ক করেছিলেন শমীক ভট্টাচার্য। তার ২৪ ঘণ্টার মধ্যেই অগ্নিমিত্রা পাল দলীয় একাংশের বিরুদ্ধে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে দিলীপ ঘোষ দাবি করেন, বিজেপিতে যোগ দেওয়ার জন্য কয়েক কোটি টাকা দেওয়ার প্রস্তাব নিয়ে বহু মানুষ দলের শীর্ষ নেতৃত্বের কাছে এসেছিলেন।

শমীক ভট্টাচার্য বলেন, কোনও বিধায়ক, সাংসদ বা শীর্ষ সাংগঠনিক পদাধিকারীর বিরুদ্ধে অর্থ নেওয়ার নির্দিষ্ট অভিযোগ নেই। তবে তৃণমূল স্তরের কিছু কর্মীর বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং সেগুলি সাংগঠনিকভাবেই সংশোধনের চেষ্টা চলছে। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকেই এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।

অন্যদিকে, তৃণমূল স্তরে তোলাবাজি ও সিন্ডিকেট-সংক্রান্ত অভিযোগ বাড়তে থাকায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-ও সংগঠনের উপর নজরদারি বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলে দলীয় সূত্রে খবর। জেলা জেলায় বিজেপির সাংসদ, বিধায়ক এবং বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু জাগরণ মঞ্চের প্রতিনিধিদের নিয়ে আরও সমন্বয় বৈঠক করার পরিকল্পনা রয়েছে। লক্ষ্য, সংগঠনের শৃঙ্খলা ও আদর্শগত অবস্থান আরও শক্তিশালী করা।

Also Read | সন্ত্রাসবাদ অর্থায়নে ফের নজরে বাংলা! কালিকাপুরের মাদ্রাসা থেকে উদ্ধার ৪০লক্ষ নগদ-১৮০ গ্রামের সোনার মুদ্রা

Also Read |  পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব

Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা

Also Read | IRCTC-এর ৯ দিনের তীর্থযাত্রা ট্রেন: জ্যোতির্লিঙ্গ থেকে দ্বারকা-অক্ষরধাম, ভাড়া ও রুট জানুন

Also Read | মিরিক লেককে আরও সুন্দর করতে ১০০কোটির পর্যটন প্রকল্প শুভেন্দু সরকারের

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *