‘বিশ্বের ভবিষ্যতের স্বার্থে’ ইরানের উপর হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের - 24 Ghanta Bangla News
Home

‘বিশ্বের ভবিষ্যতের স্বার্থে’ ইরানের উপর হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের

Spread the love

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের উপর পরিকল্পিত সামরিক হামলা শেষ মুহূর্তে স্থগিত করেছে আমেরিকা। তাঁর দাবি, ইরান এবং পশ্চিম এশিয়ার একাধিক দেশ আরও সময় চাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবিত চুক্তিতে হরমুজ় প্রণালী অবিলম্বে খুলে দেওয়া এবং ইরানের পরমাণু হুমকির অবসানের বিষয়টি রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Truth Social-এ করা পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমেরিকা ইরানের বিরুদ্ধে এমন সামরিক শক্তি প্রয়োগের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি। কিন্তু ইরান এবং পশ্চিম এশিয়ার কয়েকটি দেশ আমাদের হামলা স্থগিত রাখতে অনুরোধ করেছে। কারণ একটি চুক্তির রূপরেখা নিয়ে সমঝোতা হয়েছে।’

এ প্রসঙ্গে ট্রাম্প আরও লিখেছেন, ‘এই অনুরোধের ভিত্তিতে, বিশ্বের ভবিষ্যতের স্বার্থে এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে, দ্রুত চুক্তি সম্পন্ন করা সম্ভব হলে আমি হামলা বাতিল করতে রাজি হয়েছি।’

কী থাকতে পারে প্রস্তাবিত চুক্তিতে?

ট্রাম্পের দাবি, এই প্রস্তাবিত চুক্তির অন্যতম শর্ত হল হরমুজ় প্রণালী অবিলম্বে, সম্পূর্ণ এবং নিঃশর্তভাবে খুলে দেওয়া। পাশাপাশি ইরানের পরমাণু কর্মসূচি থেকে তৈরি হওয়া হুমকিরও অবসান ঘটানো। ট্রাম্পের দাবি, আলোচনা চলাকালীন সামরিক পদক্ষেপ স্থগিত রাখার বিষয়ে ইজ়রায়েলও আমেরিকার সঙ্গে একমত হয়েছে। এ বিষয়ে তিনি লিখেছেন, ‘সবাই কাজে নেমে পড়ুন এবং দ্রুত চুক্তি সম্পন্ন করুন। বিষয়টির প্রতি নজর দেওয়ার জন্য ধন্যবাদ।’

ইরানের সতর্কবার্তার পরেই ট্রাম্পের ঘোষণা

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনার আবহেই এই ঘোষণা করেছেন ট্রাম্প। এর আগে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান, পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এবং সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ-এর সঙ্গে পৃথক বৈঠকে স্পষ্ট জানিয়েছিলেন, আমেরিকা নতুন করে সামরিক হামলা চালালে তার কড়া জবাব দেবে ইরান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *