Howrah: রাত বিরাতে বাড়িতে পড়ত ঢিল, রহস্য বার করতে গিয়েই প্রাণ দিতে হল যুবককে | Howrah Youth Stabbed to Death After Protesting Stone Pelting
হাওড়ায় নিহত যুবকের বাড়ির সামনে ভিড়Image Credit: TV9 Bangla
হাওড়া: রাতের বেলা বাড়ি বাড়ি ঢিল ছোড়ার প্রতিবাদ করায় হাওড়ার বাঁকড়ায় এক যুবককে প্রকাশ্যে রাস্তায় ছুরি মেরে খুনের অভিযোগ উঠল। এই হামলায় গুরুতর জখম হয়েছেন নিহত যুবকের দুই ভাইও। চাঞ্চল্যকর এই ঘটনায় গুড্ডু শেখ নামে অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি রক্তমাখা ছুরি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকড়ার রসিকল এলাকার বাসিন্দা গুড্ডু শেখ প্রায়ই রাতে বাড়ি বাড়ি গিয়ে ঢিল ছুড়ত। গতকাল রাতে ফের একাধিক বাড়িতে ঢিল ছুড়লে স্থানীয় বাসিন্দারা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন এবং সতর্ক করেন। এই নিয়ে বচসা ও গালিগালাজ শুরু হলে সে বাসিন্দাদের ছুরি মারার হুমকি দিয়েছিল।
এরপর সকালে গুড্ডু প্রকাশ্য রাস্তায় ছুরি নিয়ে বেরিয়ে অতর্কিত আক্রমণ চালায়। পেটে মারাত্মক আঘাত লেগে ঘটনাস্থলেই হাসান মির নামে এক যুবক লুটিয়ে পড়েন। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার দুই ভাইয়ের হাত ও মুখেও ছুরি চালায় অভিযুক্ত। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা হাসানকে মৃত বলে ঘোষণা করেন। আহত দুই ভাই হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর ক্ষুব্ধ জনতা গুড্ডুকে পিছন থেকে জাপটে ধরে বেধড়ক মারধর করে। খবর পেয়ে বাঁকড়া ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে গ্রেফতার করে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ ও র্যাফ মোতায়েন করা হয়েছে। খুনের মামলা রুজু করে গুড্ডুর কোনও মানসিক সমস্যা রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।