বদলে যেতে পারে মানচিত্রই, ইজরায়েলের উপরে পরমাণু হামলার হুঁশিয়ারি এই মুসলিম দেশের – Bengali News | Iran’s Big Nuclear Threat to Israel Amid Growing Tension in Middle East
ইরানের সুপ্রিম নেতা আয়াতোল্লাহ খোমেইনি।Image Credit source: AFP
তেহরান: যুদ্ধ আবহেই বড় হুমকি। ইজরায়েলকে পরমাণু হামলার হুঁশিয়ারি দিল ইরান। ইজরায়েল-হামাসের যুদ্ধ যদি এভাবেই চলতে থাকে এবং তার প্রভাব প্যালেস্তাইন, সিরিয়া, ইরান, ইরাকের মতো দেশে পড়ে, তবে পরমাণু অস্ত্র ব্যবহারের কথাই ভাববে ইরান। ইরানের সুপ্রিম নেতা আয়াতোল্লাহ আলি খামেইনির পরামর্শদাতা কামাল খারাজ়ি এমনটাই ইঙ্গিত দিয়েছেন।
শনিবারই খারাজ়ি বলেন, “আমরা পরমাণু বোমা তৈরি নিয়ে কোনও সিদ্ধান্ত নিইনি, কিন্তু ইরানের অস্তিত্ব যদি কোনও রকমের হামলা বা সঙ্কটের মুখে পড়ে, তবে আমাদের সামরিক ব্যবস্থা পরিবর্তন ছাড়া কোনও উপায় থাকবে না।”
তিনি আরও বলেন, “যদি জ়িওনিস্ট (ইজরায়েল)-রা আমাদের পরমাণু কেন্দ্রে হামলা চালায়, তবে আমাদের প্রতিরোধও বদলাবে।”
প্রসঙ্গত, গত বছর ইজরায়েল ও হামাসের মধ্যে যে সংঘর্ষ যুদ্ধের আকার নেয়, তা সময়ের সঙ্গে সঙ্গে আরও জটিল হয়েছে। গত এপ্রিল মাসে সিরিয়ার দামাস্কাসে ইরানের দূতাবাসে ইজরায়েল মিসাইল হামলা চালানোর পর পাল্টা জবাবে ইরানও ২০০-রও বেশি মিসাইল নিয়ে ইজরায়েলের উপরে হামলা চালায়। এরপরই যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়।
আয়াতোল্লাহ খোমাইনি আগে পরমাণু অস্ত্র ব্যবহারের বিরোধিতা করলেও, ২০২১ সালে ইরানের তৎকালীন মন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে পশ্চিমি দুনিয়ার চাপে ইরানকে পরমাণু পরিকাঠামোয় পরিবর্তন করা হতে পারে।