Jhandu Kumar Bronze Medal: কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক, প্যারা-পাওয়ারলিফটিংয়ে সাফল্য আনলেন বিহারের ঝন্ডু কুমার! | Jhandu Kumar Lifts 190kg to Secure India's First Medal at Commonwealth Games - 24 Ghanta Bangla News
Home

Jhandu Kumar Bronze Medal: কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক, প্যারা-পাওয়ারলিফটিংয়ে সাফল্য আনলেন বিহারের ঝন্ডু কুমার! | Jhandu Kumar Lifts 190kg to Secure India’s First Medal at Commonwealth Games

Spread the love

গ্লাসগো: শুরু হয়ে গিয়েছে কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2026)। এবার গ্লাসগোয় অনুষ্ঠিত সেই গেমসে ভারতকে প্রথম পদক এনে দিলেন বিহারের ঝন্ডু কুমার (Jhandu Kumar)। পুরুষদের হেভিওয়েট প্যারা-পাওয়ার লিফটিংয়ে ব্রোঞ্জ জিতেছেন ২৯ বছর বয়সী এই লিফটার।

বিহারের একটি সাধারণ পরিবারে জন্ম ঝন্ডু কুমারের। মাত্র ৫ বছর বয়সেই পোলিও আক্রান্ত হন তিনি। ছোটবেলা থেকে শারীরিক ও আর্থিক – দুই ধরণের সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। তাঁর বাবা রাস্তার ধরে সবজি বিক্রি করেন। এমনকি, পরিবার চালাতে কোভিড ও কোভিড পরবর্তী সময়ে ই-রিক্সা চালিয়েছেন তিনি। আবার ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখে দীর্ঘ সময় কাজ করার পরেও নিয়মিত জিমে গিয়ে কঠোর পরিশ্রম করতেন। সেই লড়াইয়ের ফল আজকের এই সাফল্য। তাঁর এই কঠোর পরিশ্রম অবশেষে সফল হয়। তাঁর প্রতিভা নজরে আসে জাতীয় কোচ রাজিন্দর সিং রাহেলুর। এরপর তিনি ঝান্ডুকে গান্ধীনগরের সাইয়ের ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স অনুশীলনের সুযোগ করে দেন। এই সুযোগই তাঁর জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। সেখানে ভাল ফল পেয়ে তিনি আরও উন্নতি করতে থাকেন। এরপর জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় একের পর এক ভাল ফল করতে থাকেন ঝন্ডু।

পদক জয়ের পর তিনি বললেন,”আমার মনে হচ্ছে আমি আকাশে উড়ছি। আমার মাথায় খালি একটাই কথা ঘুরছিল – যেভাবেই হোক আমাকে পদক জিততেই হবে। আমি খুব কৃতজ্ঞ সবার কাছে। সবাই আমাকে এত অনুশীলনের সুযোগ দিয়েছে ও ভালবাসা দিয়েছে ফলে আমি অভিভূত। ভবিষ্যতে আরও ভাল করার চেষ্টা করব। আমাকে সাইয়ের মতো জায়গায় অনুশীলন করতে দেওয়ার জন্য আমি ওদের কাছেও কৃতজ্ঞ। এই পদকটা শুধু আমার নয়, ওদেরও।”

এর আগে জাতীয় রেকর্ড যেমন ভেঙেছেন তিনি, তেমনই জিতেছেন ২০২৫ বেজিং বিশ্বকাপে ব্রোঞ্জ, ২০২৬ এশিয়া ও ওশিয়ানিয়া চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ।
মোট ১৯০ কেজি ওয়েট তুলে তিনি পোডিয়ামে জায়গা করে নিয়েছেন। এর ফলে তিনি ১৩০.৯ পয়েন্ট সংগ্রহ করেছেন। শেষ প্রচেষ্টায় ১৯৬ কেজি তুলতে গিয়ে ব্যর্থ হলেও তাঁর ১৯০ কেজির লিফ্টই তাঁর ব্রোঞ্জ পদক নিশ্চিত করল। সোনা জিতলেন নাইজেরিয়ার রিলুয়ান ইদ্রিস (২০৮ কেজি, ১৩২.৮ পয়েন্ট) ও রুপো জিতলেন ইংল্যান্ডের ম্যাথু হার্ডিং (১৯৯ কেজি, ১৩১ পয়েন্ট)। তবে ভারতের প্রথম পদকজয়ী বিহারের ঝন্ডু কুমার, যিনি প্রতিবন্ধকতাকে জয় করে বিশ্বমঞ্চে গর্বিত করলেন দেশকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *