‘নিজের অধিকার বুঝে নাও’, পুলিশ ভ্যান রুখে দিলেন রিয়া
মুম্বই: পুলিশি লাঠির সামনে বাধ মানেনি স্পর্ধা। আটক হওয়া ছাত্র বোঝাই পুলিশ ভ্যানকে তিনি এগোতে দেননি, একা হাতে রুখে দিয়েছেন! একনাগাড়ে স্লোগান দিয়ে গিয়েছেন বছর ২৭–এর তরুণী রিয়া আহির। মুম্বইয়ের ছাত্র আন্দোলনের সেই ভাইরাল ফুটেজ মন জিতে নিল নেটিজ়েনদের।
রিয়া রোল মডেল?
নিট–সহ একাধিক পরীক্ষা ব্যবস্থায় দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)–র আন্দোলনের আঁচ ছড়িয়েছে মুম্বইয়েও। বুধবার মুম্বইয়ের দাদারের শিবাজি পার্কের সামনে জমায়েত করেন বিক্ষোভকারীরা। পুলিশ এসে প্রতিবাদী ছাত্রছাত্রীদের অনেককে আটক করে পুলিশ ভ্যানে তুলতে শুরু করে। কিন্তু এগোনোর আগেই দেখা যায় দু’হাত দিয়ে পুলিশের ভ্যান রুখে দাঁড়িয়ে রয়েছেন ওই তরুণী। আজ়াদি–ইনকিলাব স্লোগান দিচ্ছেন তিনি। পেশায় মডেল রিয়া আহিরের সাহসী অভিব্যক্তি যেন তাঁকে প্রতিবাদের এক রোল মডেল করে তুলেছে। তাঁর চাপেই প্রতিবাদীদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।
রিয়ার কথায়, ‘প্রতিবাদে যোগ দিতে গিয়ে আরও কয়েকজন বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ দেখি, ভ্যান বোঝাই করে বিক্ষোভকারীদের আটক করে নিয়ে যেতে চাইছে পুলিশ। ভিতর থেকে ওঁরা (ছাত্রছাত্রীরা) চিৎকার করে স্লোগান দিচ্ছেন।’ রিয়ার বক্তব্য, ‘আমি পুলিশের কাছে গ্রেপ্তারির নথি দেখতে চাইলে ওরা কোনও উত্তর দিতে পারেনি। বললাম, তা হলে ওদের ধরছো কেন? আমি জানতাম, পুলিশ ভুল করছে। প্রতিবাদীদের বলেছি, নিজেদের অধিকার বুঝে নাও।’
ড্রাগ চার্জের হুমকি
তবে, নিট–প্রতিবাদের আবহে বিতর্কে জড়িয়েছে মুম্বই পুলিশ। গত কয়েক দিন ধরেই দাদার, চেম্বুর, আজ়াদ ময়দানের মতো এলাকায় চলছে জমায়েত –বিক্ষোভ। এরই মধ্যে মুম্বই কংগ্রেসের অফিশিয়াল এক্স হ্যান্ডেলের একটি পোস্টে দেখা যায়, একদল আটক ছাত্রকে এক পুলিশকর্মী হুমকি দিচ্ছেন — ‘আবার যদি প্রতিবাদে নামো, তা হলে মিথ্যে মাদক মামলায় ফাঁসিয়ে দেবো।’ ভিডিয়োটি (সত্যতা যাচাই করেনি ‘এই সময়’) নিয়ে শোরগোল শুরু হতেই তদন্ত শুরু করে মুম্বই পুলিশ জানায়, ফুটেজে দেখা যাওয়া পুলিশি উর্দি পরিহিত ওই চালককে তাঁর পদ থেকে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপেরও আশ্বাস দিয়েছে মুম্বই পুলিশ।
ডিজিটাল নজরদারি
বিক্ষোভ রুখতে ডিজিটাল নজরদারিও শুরু করেছে মুম্বই পুলিশ। আটক হওয়া ছাত্র, জনগণ ও অ্যাক্টিভিস্টের লাইভ লোকেশন ট্র্যাক করা হচ্ছে। তাঁদের ঠিকানায় পুলিশের নোটিস যাচ্ছে, সিজেপি–র প্রতিবাদ থেকে দূরে থাকতে। পুলিশের তরফে জানানো হয়েছে, বিক্ষোভে অংশগ্রহণকারীদের আটক করা হচ্ছে ও তাঁদের নথি সংগ্রহ চলছে। স্থানীয় থানাগুলিতে তাঁদের লাইভ লোকেশন পাঠিয়ে আন্দোলন ট্র্যাক করার চেষ্টা করছে পুলিশ। তবে আটক প্রতিবাদীদের এক আইনজীবীর দাবি— ‘পুলিশের ই–নজরদারি চালানো ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন।’
রাজ ঠাকরের ডাক
প্রতিবাদী পড়ুয়াদের সমর্থনে মুম্বইয়ে শান্তিপূর্ণ পদযাত্রার ডাক দিয়েছে বিরোধী শিরিব মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) এবং শিবসেনা (ইউবিটি)। এরই মধ্যে এমএনএস–এর প্রধান রাজ ঠাকরের হুঁশিয়ারি— ‘আগামী রবিবার শান্তিপূর্ণ প্রতিবাদে যদি কেউ বাধা দিতে আসেন, আমরা কিন্তু তাঁকে রেয়াত করব না।’
উল্লেখ্য, গত ১৮ জুলাই থেকে মুম্বইয়ের বিভিন্ন এলাকার সিজেপি–র প্রতিবাদ সংক্রান্ত ঘটনায় বিভিন্ন ধারায় ১৩টি এফআইআর দায়ের হয়েছে। অভিযুক্ত হিসেবে এফআইআরে নথিভুক্ত হয়েছে অন্তত ৪০০ বিক্ষোভকারীর নাম।