PM Modi-Donald Trump: শুল্কের ঝামেলা মেটাতে এবার মুখোমুখি মোদী-ট্রাম্প? সেপ্টেম্বরে বড় বৈঠক – Bengali News | PM Narendra Modi Likely to Meet US President Donald Trump in Next Month, Discussion over Tariff
নয়া দিল্লি: শুল্ক নিয়ে চাপান-উতোর, আমেরিকার সঙ্গে ভারতের বন্ধুত্বের সম্পর্কে যেন চিড় ধরেছে। এই পরিস্থিতিতেই এল বড় আপডেট। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, আগামী সেপ্টেম্বর মাসেই দুই রাষ্ট্রনেতা মুখোমুখি হবেন।
আগামী মাসে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি বসছে নিউইয়র্কে। ২৩ সেপ্টেম্বর থেকে রাষ্ট্রনেতারা হাজির হবেন। সেখানেই যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সূত্রের খবর, আগামী মাসেই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্প বাদে ইউক্রেনে প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গেও সাক্ষাৎ হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
যদি এই সাক্ষাৎ চূড়ান্ত হয়, তবে চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার বৈঠক হবে ট্রাম্প-মোদীর। এর আগে ফেব্রুয়ারি মাসে ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউসে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সূত্রের খবর, ট্রাম্পও চাইছেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে। শুল্ক নিয়ে যে যুদ্ধ শুরু হয়েছে, সেই জট কাটাতে আলোচনা করতে চাইছেন ট্রাম্প।
সূত্রের খবর, যদি সব ঠিক হয়, তবে ট্রাম্পকে কোয়াড সামিটে আমন্ত্রণ জানাতে পারেন প্রধানমন্ত্রী মোদী।
এর আগে জুন মাসে যখন কানাডা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী, তখনও ট্রাম্প তাঁকে আমেরিকায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। ঠিক ওই সময়েই আবার আমেরিকায় ছিলেন পাক সেনা প্রধান আসিম মুনিরও। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ এড়াতেই ট্রাম্পের প্রস্তাব ফিরিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী।
