ইয়ামাল–এমবাপের জন্য দুই টিমের ম্যাচ পিছোল লা লিগায়
ইউরোপের সেরা পাঁচ লিগের মধ্যে অগস্টে সবার আগে শুরু হয়ে যাচ্ছে লা লিগা– ১৫ অগস্ট। তবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা প্রথম ম্যাচ খেলবে পরের সপ্তাহে। দু’দলেরই একাধিক ফুটবলার বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্ত খেলেছে। এই সব ফুটবলাররা যাতে যথেষ্ট বিশ্রাম পায়, তাই লা লিগার কাছে আবেদন করেছিল গত বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। ইয়ামাল–তোরেস সহ বার্সেলোনার আট ফুটবলার খেলেছেন ফাইনালে। আবার রিয়ালের নতুন ফুটবলার মার্ক কুকুরেইয়াও ছিলেন চ্যাম্পিয়ন স্পেন টিমের জার্সিতে। এ ছাড়া রিয়ালের কিলিয়ান এমবাপে, অরেলিয়েঁ চুয়ামেনি, জুড বেলিংহ্যামরা সেমিফাইনাল ও তৃতীয় স্থানের ম্যাচে খেলেছেন। তবে তার পরের সপ্তাহেই ২৭ ও ২৮ অগস্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা খেলবে প্রথম সপ্তাহের পিছিয়ে দেওয়া ম্যাচ দুটি।