দালাল স্ট্রিটে ধস অব্যাহত, চার দিনে Sensex কমলো ১৭০০ পয়েন্টের বেশি
সপ্তাহের চার ট্রেডিং সেশনেই পতন হলো দেশের শেয়ার বাজারে। বৃহস্পতিবার দুই বেঞ্চমার্ক ইনডেক্সের পাশাপাশি স্মল ক্যাপ ও মিড ক্যাপ সেগমেন্টেও ধস নেমেছিল। পশ্চিম এশিয়ায় অশান্তি বৃদ্ধি, অশোধিত জ্বালানি তেলের দর বেড়ে যাওয়ার মতো ঘটনার জেরেই দালাল স্ট্রিটে এই দোলাচল পরিস্থিতি বলে মত বাজার বিশেষজ্ঞদের একাংশের।
এ দিনের ট্রেডিং সেশনে সেনসেক্স কমেছে ৩৬৪ পয়েন্ট বা ০.৪৭ শতাংশ। এর জেরে বম্বে স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক ইনডেক্স নেমে গিয়েছে ৭৬,৩৯১ পয়েন্টে। ১২৭ পয়েন্ট বা ০.৫৩ শতাংশ কমার পরে নিফটি৫০ রয়েছে ২৩,৮৬৯ পয়েন্টে। এর জেরে বম্বে স্টক এক্সচেঞ্জের লিস্টেড স্টকগুলির সম্মিলিত মার্কেট ক্যাপ কমেছে ৩ লক্ষ কোটি টাকা।
চলতি সপ্তাহের চার ট্রেডিং সেশনে সেনসেক্স কমেছে ১৭৬০ পয়েন্ট বা ২.৩ শতাংশের বেশি। অন্য দিকে নিফটি৫০ চার সেশনে কমেছে ৪৬৫ পয়েন্ট বা প্রায় ২ শতাংশ।
বৃহস্পতিবারের ট্রেডিংয়ে নিফটি স্মল ক্যাপ ১০০ এবং নিফটি মিড ক্যাপ ১০০ ইনডেক্সও প্রায় ১ শতাংশ করে কমেছে। সেক্টরাল ইনডেক্সগুলিও সকাল থেকেই ছিল ডাউন। নিফটি অটো এবং নিফটি মিডিয়া বাদে সমস্ত সেক্টরাল ইনডেক্সের পয়েন্ট কমেছে।
নিফটি৫০ ইনডেক্সের প্রায় ৩০টি স্টকের শেয়ার দরে পতন হয়েছে বৃহস্পতিবারের ট্রেডিংয়ে। এর মধ্যে আদানি এন্টারপ্রাইজ়েস, নেশলে ইন্ডিয়া এবং শ্রীরাম ফিনান্সের পতন হয়েছে সবচেয়ে বেশি। ৪ শতাংশের আশপাশে ডাউন হয়েছে এই সব স্টক। কিন্ত এই আবহেও এসবিআই লাইফ ইনশিওরেন্স কোম্পানি, বাজাজ অটো, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার শেয়ার দর বেড়েছে ৩ শতাংশের আশপাশে।
বাজারের এই পরিস্থিতি নিয়ে জিওজিৎ ইনভেস্টমেন্টস-এর চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ভিকে বিজয়কুমার বলেছেন, ‘ব্রেন্ট ক্রুডের দাম এখন ৯৫ ডলারের উপরে রয়েছে। এই পরিস্থিতি ভারতীয় শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব ফেলবেই। উচ্চ তেলের দাম আবারও ভারতের অর্থনীতির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠছে।’
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতিতে শেয়ার বাজারে চাপ বজায় থাকতে পারে। তবে দীর্ঘমেয়াদি লগ্নিকারীদের কাছে এটি ভালো মানের গ্রোথ স্টক কেনার সুযোগও তৈরি করছে। বিশেষ করে ব্যাঙ্কিং সেক্টরের স্টকগুলির মূল্যায়ন এখন আকর্ষণীয়। উচ্চ ঋণ বৃদ্ধি এবং কম এনপিএ এই সেক্টরের পক্ষে ইতিবাচক। পাশাপাশি কনজিউমার-ভিত্তিক ডিজিটাল সংস্থাগুলির প্রথম ত্রৈমাসিকের ফলও ভবিষ্যতের উজ্জ্বল সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।’