Durand Cup 2026: শনিবার কলকাতা ডার্বি, তার আগে মাঠে প্রবেশ নিয়ে বড় ঘোষণা ডুরান্ড কমিটির! | Big Update Before East Bengal vs Mohun Bagan Derby, Physical Tickets Made Mandatory - 24 Ghanta Bangla News
Home

Durand Cup 2026: শনিবার কলকাতা ডার্বি, তার আগে মাঠে প্রবেশ নিয়ে বড় ঘোষণা ডুরান্ড কমিটির! | Big Update Before East Bengal vs Mohun Bagan Derby, Physical Tickets Made Mandatory

Spread the love

কলকাতা: আগামী শনিবার শুরু হচ্ছে ডুরান্ড কাপ (Durand Cup)। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান  (East Bengal vs Mohun Bagan)। ডার্বি দিয়ে শুরু হচ্ছে এবার ডুরান্ড কাপ। গতকাল ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ ঘোষণা করেছিলেন, ডুরান্ড ম্যাচ দেখতে আর লাগবে না ফিজিক্যাল টিকিট। তবে এবার সেই ম্যাচ নিয়ে বড় আপডেট দিয়েছে ডুরান্ড কাপ কমিটি।

নিজেদের সোশ্যাল মিডিয়াতে ডুরান্ড কমিটি জানিয়েছে,“অনলাইনে টিকিট যাঁরা কেটেছেন, তাঁদের ইস্টবেঙ্গল ও মোহনবাগান তাঁবু থেকে ফিজিক্যাল টিকিট সংগ্রহ করা বাধ্যতামূলক। ই-টিকিট নিয়ে ডার্বির ম্যাচ দেখা যাবে না। এমনকি কিউআর কোড দেখিয়েও মাঠে ঢোকা যাবে না। ডার্বির ম্যাচে ফিজিক্যাল টিকিট বাধ্যতামূলক।” ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানিয়েছিলেন, ডুরান্ড কাপের খেলা দেখতে গেলে আর ফিজিক্যাল টিকিট সংগ্রহ করার দরকার নেই। স্টেডিয়ামে প্রবেশের সময় শুধু ই-টিকিট বা কিউআর কোড দেখালেই মাঠে ঢুকতে দেওয়া হবে। কিন্তু, ডুরান্ড কমিটি জানিয়েছে, ডার্বি ম্যাচে সমর্থকদের পুরোনো নিয়মই মানতে হবে। অনলাইনে যাঁরা টিকিট কেটেছেন, তাঁরা মোহনবাগান ও ইস্টবেঙ্গল তাঁবু থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

ইতিমধ্যেই বুকমাইশো-তে পাওয়া যাচ্ছে অনলাইন টিকিট। টিকিটের দাম ২৫০, ৩০০, ৩৫০ টাকা। অনেক দিন ধরেই সমর্থকদের দাবি ছিল, অনলাইন টিকিট কাটার পর রিডিম করা বন্ধ করে সিনেমাহলের মতো যেন স্টেডিয়ামে প্রবেশের সময় কিউ আর কোড দেখিয়ে প্রবেশ করতে দেওয়া হয় কিন্তু তা মানা হয়নি। গতকাল ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, সেই নিয়মের এবার বদল ঘটবে। আর টিকিট লাগবে না। সব পেপারলেস হবে। কিন্তু যেহেতু ডার্বির টিকিট ইতিমধ্যেই ছাপা হয়ে গিয়েছে, তাই শেষ মুহূর্তে আর এই টিকিট নষ্ট করতে রাজি নয় ডুরান্ড কমিটি। ফলে, দুই প্রধানের পরবর্তী ম্যাচ থেকে শুরু হবে এই পেপারলেস টিকিটের নিয়ম। প্রথম ম্যাচে পুরনো নিয়মই বহাল থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *