PM Narendra Modi: ‘কাউকে রেয়াত করা হবে না’, NEET প্রশ্ন-ফাঁস ইস্যুতে কড়া বার্তা প্রধানমন্ত্রীর | PM Modi on NEET Paper Leak: Calls for Strictest Punishment, Says Preventing Exam Leaks is Nation’s Responsibility
নয়া দিল্লি: নিট প্রশ্নফাঁস (Neet Question Paper Leak) ইস্যুতে উত্তাল হয়েছে সংসদ। এদিকে, একই ইস্যুতে সংসদ অভিযান করছে ককরোচ জনতা পার্টি। এই আবহে NDA বৈঠকে নিট-প্রশ্নফাঁস নিয়ে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আজ এনডিএ (NDA) সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠক থেকেই নিট প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির পক্ষে সওয়াল করেছেন তিনি। একইসঙ্গে প্রধানমন্ত্রীর (PM Modi) বার্তা, প্রশ্নফাঁস রোধ করা শুধু সরকারের নয়,সমগ্র দেশের দায়িত্ব।
কী বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী?
নিটপ্রশ্ন ফাঁস নিয়ে বৈঠকে কী কী বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই বিষয়ে সংবাদমাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তাঁর কথায়, প্রধানমন্ত্রী সবাইকে একযোগে একটি নির্ভুল পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। যাতে ভবিষ্যতে কোনও পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা না ঘটে। প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা, অপরাধীদের কাউকে রেয়াত করা হবে না। তিনি আরও জানিয়েছেন, কেউ কেউ প্রশ্নফাঁস ইস্যুতে রাজনীতি করছেন। পড়ুয়াদের স্বার্থ সুরক্ষায় কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না।
NDA-র শরিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান
সংসদের বাদল অধিবেশনে একাধিক বিল পেশ করা হতে পারে। সেক্ষেত্রে, আইন প্রণয়নের কাজে এনডিএ-র শরিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিরোধী দলগুলির প্রতিও গঠনমূলক ভূমিকা পালনের আবেদন জানিয়ে তিনি বলেন, “রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের ভবিষ্যৎ ও যুবসমাজের স্বার্থে সব সাংসদেরই একসঙ্গে কাজ করা উচিত।
প্রসঙ্গত, প্রশ্নফাঁসের অভিযোগে ৩ মে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET বাতিল করা হয়। পরে, জুন মাসের শেষ দিকে পুনরায় পরীক্ষা নেওয়া হয়। ইতিমধ্যে পরীক্ষার রেজাল্টও প্রকাশিত হয়েছে। রিজিজু জানান, প্রশ্নফাঁসের খবর প্রকাশ্যে আসার পরই সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য বিলম্ব না করে পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তও কার্যকর করা হয়েছে।
নিটের প্রশ্নফাঁস ইস্যুতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সংসদ অভিযান করে ককরোচ জনতা পার্টি। তবে, ইতিমধ্যে ককরোচ জনতা পার্টির দুই সদস্যের সঙ্গে দেখা করেন জেপি নাড্ডা। তাঁদের দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপিও জমা দিয়েছেন। নড্ডা জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।