নতুন কালার অপশন, নজরকাড়া ডিজ়াইনও, Suzuki Hayabusa Special Edition আসছে বাজারে

স্পোর্টস বাইক বলতেই অনেক বাইকপ্রেমীর চোখে যে ছবিটা প্রথম ভেসে ওঠে, তা Suzuki Hayabusa-র। সামনের সেই ফেয়ারিং দেওয়া হেডলাইট সেটআপ, Rear Set Footpeg, নিচু হ্যান্ডলবার এবং ইঞ্জিনের ফেয়ারিং দেওয়া সেই আইকনিক ডিজ়াইন আজও সমান জনপ্রিয়। ১৯৯৯ সালে প্রথম লঞ্চ হওয়ার পরে থেকে বাইকটির ডিজ়াইনে বিশেষ কোনও পরিবর্তন হয়নি।

সম্প্রতি এই আইকনিক স্পোর্টস বাইকটির ২০২৭ সালের ভার্সন লঞ্চ করার কথা ঘোষণা করেছে Suzuki। সংস্থার তরফে জানানো হয়েছে, নতুন ভার্সনে নয়া রঙের অপশন নিয়ে আসতে চলেছে সংস্থা।

Suzuki জানিয়েছে, Hayabusa-র মডেল আগে থেকেই Glass Spark Black এবং Metallic Reflective Blue – এই দুই রঙে উপলব্ধ ছিল। এ বার তার সঙ্গেই আরও একটি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। Suzuki Hayabusa Special Edition ব্র্যান্ডিংয়ে এই বাইকটি বাজারে আনবে Suzuki।

নতুন কী কী আপডেট থাকবে এই Special Edition ভ্যারিয়েন্টে? নতুন ভার্সনে থাকবে Special Edition-এর বিশেষ ব্র্যান্ডিং। ফুয়েল ট্যাঙ্কের উপরে থাকবে Suzuki-র নতুন এম্বলেম এবং নতুন কালো রঙের Exhaust Cap। এ ছাড়াও, থাকবে একটি বিশেষ Seat Cowl।

এর পাশাপাশি, কালার কম্বিনেশন এবং ডিজ়াইনেও একাধিক পরিবর্তন করা হয়েছে। যেমন, চাকার রিমে রয়েছে কালোর সঙ্গে লাল রঙের ছোঁয়া। ফ্রন্ট ডিস্ক ব্রেকের রোটর এবং চেন অ্যাডজাস্টারে সোনালি রঙের ব্যবহার করা হয়েছে। বাইকের বডি প্যানেলে রয়েছে লাল আর সাদা রঙের ব্যবহার। সঙ্গে সামনের ফেয়ারিংয়ে রয়েছে কালো রঙের ‘Hayabusa Kanji’ গ্রাফিক্স।

তবে, মেকানিক্যালি বাইকটিতে কোনও পরিবর্তন করা হয়নি। Suzuki Hayabusa 2027-এ থাকছে ১৩৪০ সিসির লিকুইড কোল্ড ইনলাইন ফোর ইঞ্জিন। সঙ্গে রয়েছে কুইক শিফটার-সহ ৬ স্পিড গিয়ারবক্স। এই ইঞ্জিন থেকে সর্বাধিক ১৯০ Hp পাওয়ার এবং ১৫০ Nm টর্ক উৎপন্ন হয়।

এই বাইকে রয়েছে S.I.R.S (Suzuki’s Intelligent Ride System)। এই সিস্টেমের মাধ্যমে বাইকটিতে Traction Control, Cruise Control, Launch Control এবং একাধিক Riding Mode রয়েছে। এ ছাড়াও রয়েছে Cornering ABS-এর সুবিধা।

ভারতের বাজারে Suzuki Hayabusa-র বর্তমান ভ্যারিয়েন্টটির দাম শুরু ১৮.০৫ লক্ষ টাকা থেকে। ২০২৭ সালের ভ্যারিয়েন্টটির দামও কমবেশি ১৮ থেকে ১৯ লক্ষ টাকার আশেপাশে হতে পারে। ভারতের বাজারে কবে থেকে এই বাইকটি পাওয়া যাবে সে সম্পর্কে অফিশিয়ালি কোনও বিবৃতি দেয়নি সংস্থা।