রোহিতের লড়াই ব্যর্থ! ১-২ ব্যবধানে সিরিজ হারল গম্ভীরের ভারত - 24 Ghanta Bangla News
Home

রোহিতের লড়াই ব্যর্থ! ১-২ ব্যবধানে সিরিজ হারল গম্ভীরের ভারত

Spread the love

বাবান আদক, কলকাতা ডেস্ক: ক্রিকেটের মক্কা লর্ডস সাক্ষী থাকল এক রুদ্ধশ্বাস হাই-স্কোরিং থ্রিলারের, যেখানে দুই দল মিলিয়ে উঠল ৭৪৭ রান! কিন্তু শেষ হাসি হাসল আয়োজক…

বাবান আদক, কলকাতা ডেস্ক: ক্রিকেটের মক্কা লর্ডস সাক্ষী থাকল এক রুদ্ধশ্বাস হাই-স্কোরিং থ্রিলারের, যেখানে দুই দল মিলিয়ে উঠল ৭৪৭ রান! কিন্তু শেষ হাসি হাসল আয়োজক ইংল্যান্ডই। রোহিত শর্মার অতিমানবিক শতরান এবং বিরাট কোহলি-শুভমন গিলের অনবদ্য লড়াই সত্ত্বেও, সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক এক দিনের ম্যাচে ভারতকে ২৭ রানে হারাল তারা। এই জয়ের সুবাদেই ২-১ ব্যবধানে ওডিআই সিরিজ পকেটে পুরল থ্রি লায়ন্স।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের কার্যত সাধারণ স্তরে নামিয়ে আনেন ইংল্যান্ডের ব্যাটাররা। নির্ধারিত ৫০ ওভারে ৩৮৭/৩ রানের পাহাড় গড়ে তারা। ইংরেজ ইনিংসের মূল স্থপতি ওপেনার বেন ডাকেট। ১৩৫ বলে তাঁর ১৪১ রানের ম্যারাথন ইনিংস ভারতকে ব্যাকফুটে ঠেলে দেয়। তাঁকে যোগ্য সঙ্গ দেন জ্যাকব বেথেল (৯৩ বলে ৯১)। এই দুই ব্যাটার ফেরার পর লর্ডসে আছড়ে পড়ে জো রুট (৪৮ বলে অপরাজিত ৭৪) এবং জস বাটলারের (১৩ বলে অপরাজিত ৪১) ঝড়। ভারতীয় বোলারদের মধ্যে প্রসিধ কৃষ্ণা ৬৯ রানে ২ উইকেট পেলেও বাকিরা চূড়ান্ত ব্যর্থ হন।

আরও পড়ুন: পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব

৩৮৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই যে দাপট বা সুবিধা পাওয়া প্রয়োজন ছিল, ভারত তা করতে ব্যর্থ হয়। ওপ্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (১১০ বলে ১৩৮, ১৭টি চার ও ৫টি ছক্কা) একদিক থেকে একা কুম্ভ হয়ে লড়াই করলেও, অন্য প্রান্তে বর্তমান অধিনায়ক শুভমন গিল (৮৪ বলে ৭৭) বেশ কিছুটা ধীরগতিতে রান তোলেন। ফলে প্রথম দিকে উইকেট না হারালেও রানের গতি আস্কিং রেটের সঙ্গে একেবারেই তাল মেলাতে পারেনি।

আরও পড়ুন: “সিএফএল কি আদৌ পেশাদার লিগ?” বিষ্ফোরক ব্যারেটো

বিরাট কোহলি (৬০ বলে ৭৪) ক্রিজে এসে মারমুখী হওয়ার চেষ্টা করলেও, ততক্ষণে ওভার প্রতি প্রয়োজনীয় রান রেট আকাশছোঁয়া হয়ে যায়। শুরুর দিকে কাঙ্ক্ষিত সুবিধা আদায় করতে না পারার মারাত্মক চাপ গিয়ে পড়ে শেষের দিকের ব্যাটারদের ওপর।

পাহাড়প্রমাণ সেই আস্কিং রেটের চাপ এবং পেসার স্যাম কারেনের (৭৫ রানে ৪ উইকেট) বোলিং ভেল্কিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের মিডল অর্ডার। রোহিত, গিল ও কোহলি ফেরার পর ঈশান কিষাণ (১৪), শ্রেয়স আইয়ার (০), কেএল রাহুল (১২) এবং অক্ষর প্যাটেল (২) চরম হতাশ করেন। শেষের দিকে গুরজপনীত ব্রার (১৮*) এবং অর্শদীপ সিং (১৫*) ব্যবধান কমালেও ভারত ৭ উইকেটে ৩৬০ রানে আটকে যায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *