Pension scheme: যৎসামান্য পেনশনের টাকায় চলে সংসার, এদিকে ৮২-র বৃদ্ধের ব্যাঙ্ক ব্যালেন্স ৭৫৯ কোটি! | 82 Year old Poor Man Finds his Account Balance is 759 Crore rs
৮২-র বৃদ্ধের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা!Image Credit: X
পটনা: দিন আনি, দিন খাই অবস্থা। পেনশনের যৎ সামান্য টাকা দিয়েই সংসার চলে ৮২ বছরের বৃদ্ধের। তার উপরে আবার বিশেষভাবে সক্ষম ছেলের দেখভালের খরচ। রবিবার কমন সার্ভিস সেন্টার থেকে তুলতে গিয়েছিলেন প্রবীণ ভাতা। অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতেই চক্ষু চড়কগাছ। দেখা গেল, ওই বৃদ্ধের অ্যাকাউন্টে নাকি ৭৫৯ কোটি টাকা জমা রয়েছে। শুধু তাঁরই নয়, তার ছেলের অ্যাকাউন্টেও এমন বিপুল অঙ্কের টাকা জমা আছে বলেই দেখা যাচ্ছে।
ঘটনাটি ঘটেছে বিহারের মুজাফ্ফরপুরে। কমেশ্বর মিশ্র নামক ওই বৃদ্ধ ব্যক্তি কবিতা লেখেন। তিনি নিজে প্রবীণ ভাতা পান এবং তার ছেলে বিশেষভাবে সক্ষম হওয়ায় প্রতিবন্ধী ভাতা পান। তারা দুইজনেই গতকাল, রবিবার সিএসসি সেন্টারে গিয়েছিলেন। সেখানেই তাদের অ্যাকাউন্টে বিপুল টাকা দেখতে পান।
পেনশন তোলার পর বৃদ্ধ যখন নিজের অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে যান, দেখেন ব্যালেন্স দেখাচ্ছে ৭৫৯,৬৯,৫১,৯৫১ টাকা। অর্থাৎ ওই ব্যক্তির অ্যাকাউন্টে ৭৫৯ কোটি টাকারও বেশি আছে। তাঁর ও ছেলের অ্যাকাউন্ট মিলিয়ে আনুমানিক ১৫০০ কোটি টাকা রয়েছে তাদের।
ওই বৃদ্ধের কথায়, এটা তাঁর টাকা নয়। তিনি বুঝতেই পারছিলেন না যে এত টাকা কোথা থেকে এল। ব্যাঙ্ক কর্তৃপক্ষকেও অনুরোধ করেন যে বিষয়টি দেখার জন্য। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে ব্যাঙ্কিং বা প্রযুক্তিগত ত্রুটির কারণে এই বিপুল অঙ্ক দুই অ্যাকাউন্টে চলে এসেছে। ব্যাঙ্কের তরফ থেকেও কোনও বিবৃতি দেওয়া হয়নি।