Suvendu Adhikari: 'কলকাতার ক্ষেত্রে ভয়ঙ্কর দিন...' বাতিল 'খেলা হবে' দিবস, ১৬ অগস্ট নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর | Suvendu Adhikari Announces 16 August to Observed as Ayushman Diwas Instead of Khela Hobe Diwas - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari: ‘কলকাতার ক্ষেত্রে ভয়ঙ্কর দিন…’ বাতিল ‘খেলা হবে’ দিবস, ১৬ অগস্ট নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর | Suvendu Adhikari Announces 16 August to Observed as Ayushman Diwas Instead of Khela Hobe Diwas

Spread the love

মেচেদা: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের স্লোগান ছিল ‘খেলা হবে’। বহুচর্চিত স্লোগানকে আর এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে ১৬ অগাস্ট দিনটিকে ‘খেলা হবে’ দিবস ঘোষণা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ১৬ অগস্টকে নিয়েই বড় সিদ্ধান্ত নিল শুভেন্দু-সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিলেন, এবার থেকে এই দিনটি আর খেলা হবে দিবস হিসেবে পালন করা হবে না। তার পরিবর্তে আয়ুষ্মান দিবস পালন করা হবে।

শুভেন্দুর বৈঠক

রবিবার পূর্ব মেদিনীপুরের মেচেদার একটি গেস্ট হাউসে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের নিয়ে পৃথক দুটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে সাংগঠনিক পদাধিকারীদের নিয়ে একটি বৈঠক করেন শুভেন্দু। এরপর দলীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ১৬ অগাস্ট নিয়ে পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী।

১৬ অগস্ট নিয়ে কী পরিকল্পনা মুখ্যমন্ত্রীর?

১৬ অগস্টই বিজেপি সরকারের ১০০ দিন পূর্ণ হচ্ছে। আবার এই দিনের সঙ্গেই জুড়ে রয়েছে একটা কালো ইতিহাসও। এই দিনই দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল। সেই প্রসঙ্গ তুলেই শুভেন্দু অধিকারী বলেন, “১৬ অগস্ট কলকাতার ক্ষেত্রে ভয়ঙ্কর দিন৷ ওই দিনই সুরাওয়ার্দির নেতৃত্বে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল৷ আর সেই দিনটায় তৃণমূল কংগ্রেসের সরকার খেলা হবে দিবস পালন করত৷ আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই দিন আয়ুষ্মান দিবস হিসেবে পালন করা হবে৷”

পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রসঙ্গে শুভেন্দু বলেন, “৭০ বছরের উপরে হলেই আয়ুষ্মান ভারত সকলে পাবেন। এছাড়াও যারা যোগ্য তাঁরা আয়ুষ্মান ভারত পাবেন। যারা পাচ্ছেন না তাঁরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা পাবেন।” অন্নপূর্ণা যোজনা নিয়েও আশ্বস্ত করেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “আগের সরকার ৫০০ টাকার লক্ষ্মীর ভান্ডার দিতে গিয়ে নয় মাস লাগিয়ে দিয়েছিল। আমরা ১ কোটি ২০ লক্ষ লোককে দেড় মাসে দিয়ে দিয়েছি। বাকি যারা যোগ্য রয়েছেন তাঁরাও পাবেন। তবে অযোগ্যরা বাদ যাবেন। সরকারি প্রতিটি জিনিসের নিয়ম থাকা দরকার।”

বাংলায় ১৬ অগস্ট

ইতিহাসের পাতা ঘেঁটে দেখলে কালো অধ্যায়গুলির মধ্যে অন্যতম ১৯৪৬ সালের দ্য গ্রেট কলকাতা কিলিং। ওই বছর ১৬ অগস্ট সুরাবর্দির নির্দেশে কলকাতা সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছিল। যার বলি হতে হয়েছিল বহু মানুষকে।

আবার তৃণমূল জমানায় এই দিনটা পালন হত খেলা হবে দিবস হিসেবে। ২০২১-এর ২১ জুলাইয়ের মঞ্চ থেকে এই নির্বাচনী স্লোগানকে একটা বিশেষ দিন হিসেবে পালনের ঘোষণা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, কী কারণে ১৬ অগস্ট বেছে নেওয়া হয়, তা জানানো হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আমাদের স্লোগান ছিল ‘খেলা হবে’। তাই ‘খেলা হবে’ দিবস পালিত হবে।” তবে, এখন আর সেই রাজাও নেই, রাজ্যপাটও গিয়েছে। তৃণমূল জমানার একাধিক সিদ্ধান্তের বদল ঘটিয়েছে শুভেন্দু-সরকার। এবার সেই তালিকায় গুরুত্ব পেল ১৬ অগাস্টও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *