FIFA World Cup: ৪৮ নয়, আগামী বিশ্বকাপে খেলবে ৬৪টি দেশ? বড় ইঙ্গিত দিলেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো! | After 48 Teams, FIFA Considering a 64 Team World Cup for 2030
জিয়ান্নি ইনফান্তিনোImage Credit: Getty Images
আমেরিকা : এতকাল বিশ্বকাপ (FIFA World Cup 2026) হত ৩২ দলের। এই বছর তা বাড়িয়ে করা হয়েছে ৪৮ দলের। দল বাড়ার পাশাপাশি আরও জমজমাট লড়াই হচ্ছে প্রতি ম্যাচেই। কুরাসাও (Curacao), কেপ ভার্দের (Cabo Verde) মতো দলগুলিও হাড্ডাহাড্ডি লড়াই করেছে এই বিশ্বকাপে। এই দেখেই আশাবাদী ফিফা (FIFA)। ফলে, তারা ভাবছে পরবর্তী বিশ্বকাপ অর্থাৎ ২০৩০ সালে আরও বেশি দেশকে খেলানোর কথা।
২০৩০ সালের বিশ্বকাপ আয়োজন করবে পর্তুগাল, মরক্কো ও স্পেন। কিন্তু যেহেতু সেই বছর বিশ্বকাপের শতবর্ষ, তাই একটি করে ম্যাচ পাবে উরুগুয়ে, প্যারাগুয়ে ও আর্জেন্টিনা। আগেই শোনা গিয়েছিল আদৌ বিশ্বকাপের অংশগ্রহণকারী দেশ সংখ্যা বাড়ানো যায় কিনা। এই বিষয়েই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন,“এই বিশ্বকাপ শেষ হওয়ার পরেই কমিটিতে এই বিষয়ে আলোচনা করা হবে। বিশ্বকাপ আয়োজন মানে শুধু ইউরোপ বা দক্ষিণ আমেরিকা নয়, গোটা বিশ্বের জন্যই একটি প্রতিযোগিতা আয়োজন করা। বিশ্বের সব দেশেরই বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখা উচিত। এখন বিশ্বের বিভিন্ন দেশের ফুটবলের মান বেড়েছে। যদি তাদের বিশ্বকাপে খেলার সুযোগ না দেওয়া হয়, তাহলে উন্নতির জন্য তাদের আগ্রহ কমে যাবে।” যদিও এই প্রস্তাব নিয়ে সমর্থন ও বিরোধিতা – দুইই আছে। ইনফান্তিনোর এই প্রস্তাব সমর্থন করেছিলেন কনমেবল সংস্থার সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজ। তবে এর বিরোধিতা করেছিলেন কনকাকাফের সভাপতি ভিক্টর মন্টাগ্লিয়ানি ও উয়েফার সভাপতি আলেকজান্ডার চেফেরিন।
এই বিষয়েই এবার শোনা গিয়েছে, ২০৩০ সালে ৬৪ দেশের বিশ্বকাপ আয়োজন করতে পারে ফিফা। ২০২৫ সালের মার্চে ২০৩০ সালের বিশ্বকাপে ৬৪ দল রাখার প্রস্তাব দেয় আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল। তবে ৬৪টি দল যদি বিশ্বকাপ খেলে, তাহলে ১২৮টি ম্যাচ হবে একটি টুর্নামেন্টে। ৩২ দলের ম্যাচ হত ৬৪টি, ২০২৬ সালের বিশ্বকাপে ম্যাচ হচ্ছে ১০৪টি। ফলে বিশ্বকাপের দৈর্ঘ্য, সূচি নিয়ে চাপ ও বিতর্ক দুইই বাড়ছে।