World Cup 2026: আপনিও পেতে পারেন বিশ্বকাপ ফাইনালের মাঠের টুকরো, কত টাকা লাগবে জানেন? | FIFA Selling 2026 World Cup Final Grass as Premium Collectible - 24 Ghanta Bangla News
Home

World Cup 2026: আপনিও পেতে পারেন বিশ্বকাপ ফাইনালের মাঠের টুকরো, কত টাকা লাগবে জানেন? | FIFA Selling 2026 World Cup Final Grass as Premium Collectible

Spread the love

আমেরিকা : কোনও ফাইনাল ম্যাচের টিকিট বিক্রি তো শুনেছেন। কিন্তু, কোনও ফাইনাল ম্যাচের মাঠের অংশ নিজের সংগ্রহে রাখার কথা শুনেছেন? হ্যাঁ, চমকের এই অভিনব পন্থা নিয়ে এসেছে ফিফা (FIFA)। আগামী ১৯ জুলাই বিশ্বকাপের (World Cup 2026) ফাইনাল হতে চলেছে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে (Metlife Stadium)। সেই মাঠের অংশই এবার নিজের কাছে রাখার অভিনব সুযোগ দিয়েছে ফিফা। কারণ, ফিফা এবার সেই মাঠ টুকরো টুকরো করে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।

তবে এর পিছনে রয়েছে বিশাল টাকার খেলা। বিশ্বকাপ ফাইনালের মাঠের প্রতি টুকরোর দাম নির্ধারণ করা হয়েছে ৪৫০ মার্কিন ডলার। ভারতীয় মূল্যে প্রায় ৪৩ হাজার টাকা। ফিফার অনলাইন স্টোরে পাওয়া যাবে এই টুকরোগুলি। সেখানেই বলা হয়েছে, প্রতিটি ঘাসের টুকরো বিশেষ অ্যাক্রিলিক কেসে সংরক্ষণ করা থাকবে। সঙ্গে থাকবে, একটি স্মারক ও সত্যতার প্রমাণ। ফিফার দাবি, এটি বিশ্বকাপের ইতিহাসের একটি বিশেষ স্মারক, যা প্রত্যেক ক্রেতার কাছে মূল্যবান হবে।

তবে ঘাসের টুকরোর মাপ কত, তা ফিফা স্পষ্ট করে বলেনি। শুধু ১৭.৫ x ১৭.৫ x ১৭.৫ মাপ উল্লেখ করা হয়েছে। তবে তা মিলিমিটার, না ইঞ্চি, না সেন্টিমিটার – জানানো হয়নি। ফিফা আরও জানিয়েছে, বিশ্বকাপ ফাইনালের আগে এই স্মারক পাঠানো হবে না, যা হবে ফাইনালের পর। আপাতত শুধুমাত্র আমেরিকা ও ইউরোপের ঠিকানাগুলিতে এই বিশেষ স্মারক পাঠানো হবে।

তবে এবার বিশ্বকাপের মধ্যেই মেটলাইফ স্টেডিয়ামের মাঠের মান নিয়ে প্রশ্ন তুলছেন একাধিক কোচ ও ফুটবলার। কারণ, এই স্টেডিয়ামে সাধারনত এনএফএলের ম্যাচের জন্য কৃত্রিম ঘাস ব্যবহার করা হয়। কিন্তু, ঘাসের পাশাপাশি ফাইনাল ম্যাচের টিকিটের দাম নিয়েও সমালোচনার মুখে পড়েছে ফিফা। সাধারণ টিকিটের সর্বোচ্চ দাম রাখা হয়েছে ৩২,৯৭০ ডলার (ভারতীয় মূল্যে প্রায় সাড়ে ৩১ লক্ষ টাকা)। পাশাপাশি খাবার ও পানীয়সহ হসপিট্যালিটির টিকিটের মূল্য যথাক্রমে ৩৪,৫০০ মার্কিন ডলার (ভারতীয় মূল্যে প্রায় ৩৩ লক্ষ টাকা) ও ৩২,৫০০ মার্কিন ডলার বা ৩১ লক্ষ টাকা। সুতরাং, একদিকে যেমন টিকিটের দাম আকাশছোঁয়া, তেমনই এই বিশেষ স্মারকও এত দামি, যে সবার দ্বারা কেনা মুশকিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *