রথযাত্রার দিন বৃষ্টি কেন হয়? পুরাণে কী বলা হয়েছে? Ei Samay
‘আজ রথ, একটু হলেও বৃষ্টি তো হবেই। সে সারা বছর খরা যতই হোক না কেন।’— ছোটবেলা থেকেই এই একটা কথা মা-ঠাকুমাদের কাছে শুনে এসেছি আমরা। কিন্তু কেন? কখনও ভেবে দেখেছেন?
এর অতি সহজ ব্যাখ্যা হতে পারে আষাঢ় মাস, ভরা বর্ষা, তাতে বৃষ্টি হওয়া তো অত্যন্ত সাধারণ ব্যাপার। কিন্তু যে বছর খরা থাকে, আগে পরে কোনও বৃষ্টি নেই, তবু রথের দিনটা একবার হলেও বৃষ্টি হয়। বৈজ্ঞানিক কারণ কি তা নির্ভর করে সেই বছরের আবহাওয়ার উপর। তবে নেপথ্যে কিন্তু রয়েছে পৌরাণিক ব্যাখ্যাও।
কেন প্রতি বছর রথের দিন বৃষ্টি হয়?
এই সময় অনলাইনকে জ্যোতিষী দেবজ্যোতি মজুমদার জানান, পুরাণ অনুসারে, সত্য যুগে রাজা ইন্দ্রদ্যুম্ন অলৌকিক জগন্নাথকে লৌকিক দেবতা করে তুলেছিলেন। তিনি জগন্নাথকে সকলের কাছে নিয়ে আসেন। তাঁর সময় থেকেই শুরু রথযাত্রা। বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের আরেক রূপ জগন্নাথ। কথিত, রথের দিন যে বৃষ্টি হয় তা আসলে জল নয়, স্বর্গ থেকে জগন্নাথের উদ্দেশ্যে করা পুষ্পবৃষ্টি। গন্ধর্ব এবং দেবতারা অলৌকিক পুষ্প বর্ষণ করেন। তা মানস চক্ষে বৃষ্টি বলে মনে হয়।
মতান্তরে এই দিনের বৃষ্টিকে দেবতাদের কান্নাও বলা হয়। দেবতাদের আশীর্বাদ না করে, রথে চড়ে সাধারণ ভক্তদের আশীর্বাদ করছেন। তাই সেই দুঃখের জল মনে করা হয় এই বৃষ্টিকে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী-র চৈতন্য চরিতামৃতে স্বয়ং চৈতন্যদেব নিজে এই বৃষ্টিকে দেবতাদের পুষ্পবৃষ্টি বলেই ব্যাখ্যা করেছেন। এটা দেবতাদের প্রভু জগন্নাথের প্রতি ভক্তি, শ্রদ্ধা ও তাঁর দর্শন মেলার আনন্দ বলেই ব্যাখ্যা করেছেন।