Tourism Fair: তৃণমূলের আমলে পর্যটন মেলাতেও থ্রেট কালচার? উঠছে বিস্ফোরক অভিযোগ | Sanjiv agarwal alleges tmc threat culture at west bengal tourism fair - 24 Ghanta Bangla News
Home

Tourism Fair: তৃণমূলের আমলে পর্যটন মেলাতেও থ্রেট কালচার? উঠছে বিস্ফোরক অভিযোগ | Sanjiv agarwal alleges tmc threat culture at west bengal tourism fair

Spread the love

কী বলছেন সঞ্জীব আগরওয়াল?Image Credit: TV9 Bangla

কলকাতা: আরজি কর কাণ্ডের সময় মেডিক্যাল কলেজগুলিতে থ্রেট কালচারের কথা সামনে এসেছিল। রাজ্যে পালাবদলের পর একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে আসছে। এবার অভিযোগ উঠল, তৃণমূল আমলে থ্রেট কালচারের শিকার হয়েছে পর্যটন মেলাও। বিজেপি শাসিত রাজ্যের মন্ত্রীরা আসবেন, এই কারণ দেখিয়ে পর্যটন মেলার অনুমতি দেয়নি পূর্বতন তৃণমূল সরকার। মিলন মেলা প্রাঙ্গণ ভাড়া নেওয়া হলেও বিজেপি শাসিত কোনও রাজ্যের পর্যটন স্টল বসানো যাবে না, এই হুমকি দিয়ে তালা দিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিতেন তৃণমূল জমানার নেতা- মন্ত্রী থেকে আমলারা। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন একটি বিখ্যাত বাণিজ্য মেলা আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান তথা সিইও সঞ্জীব আগরওয়াল।

কী বললেন সঞ্জীব আগরওয়াল?

পূর্বতন তৃণমূল সরকারকে নিশানা করে সঞ্জীব আগরওয়াল বললেন, তৃণমূল সরকারের ভয়ে তাঁরা নিজেদের মূল অফিস কলকাতা থেকে মুম্বইতে নিয়ে চলে গিয়েছেন। এমনকি তাঁদের আরও ৬০০টি ফ্রাঞ্চাইজি ছিল। সেগুলিও চলে গিয়েছে মুম্বই, হায়দরাবাদ এবং দিল্লিতে। রীতিমতো আক্ষেপের সুরে তিনি বললেন, গত চার থেকে পাঁচ বছর ধরে এই পর্যটন মেলায় পশ্চিমবঙ্গ অংশগ্রহণ করেনি। তাঁর কথায়, “তৃণমূলের মন্ত্রী এবং আমলারা বলতেন, অন্য রাজ্যে যে পর্যটন মেলা হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ যাবে না। কারণ বিজেপি শাসিত সরকারের রাজ্যে পশ্চিমবঙ্গ অংশ নেবে না কোনও মেলায়।”

একের পর এক অভিযোগ তুলে তাঁর বক্তব্য, মিলন মেলা প্রাঙ্গণে পর্যটন মেলার জন্য বুকিং করা হলেও এবং টাকা দিয়ে যাবতীয় পরিষেবার সংক্রান্ত বিল করা হলেও শেষ মুহূর্তে তালা লাগিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হত। বিগত তৃণমূল সরকারের কর্তারা বলতেন, এই মেলায় কোনও বিজেপি শাসিত রাজ্যের মন্ত্রীরা আসতে পারবেন না। বিজেপি শাসিত রাজ্যের কোনও মন্ত্রীকে এখানে ঢুকতে দেখা গেলে সঙ্গে সঙ্গে মিলন মেলায় তালা লাগিয়ে দেওয়া হবে। সঞ্জীব আগরওয়ালের বিস্ফোরক মন্তব্য, “বারবার আমাদের হুঁশিয়ারি দেওয়া হত। থ্রেট কালচার চলত।” 

গোটা ভারতে এই ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার অনুষ্ঠিত হয়। প্রত্যেকটি রাজ্যের গুরুত্বপূর্ণ পর্যটন সংস্থা এবং সেই রাজ্যগুলির সরকার এতে অংশগ্রহণ করে। সেই পর্যটন মেলা এ রাজ্যে বন্ধ হতে বসেছিল। এমনকি পালাবদল না হলে এ রাজ্যে এই পর্যটন মেলা বন্ধ করে দিতে বাধ্য হতেন বলেও তিনি দাবি করেছেন।

এই অভিযোগ নিয়ে প্রাক্তন পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, “আমলারা কেন বারণ করতেন, সেটা আমলারাই বলতে পারবেন। সেই আমলারাই তো এখন রয়েছেন। আমলারা তো বদল হয়নি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *