RG Kar Case: তিলোত্তমার কিডনি-লিভার থেকে নমুনা সত্যিই বদলে ফেলা হয়েছিল? সেই চিঠি যাচ্ছে CBI-এর হাতে | RG Kar Case: Sealdah court asked to give the letter her father has got to CBI
কলকাতা: তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআইকে নয়া নির্দেশ শিয়ালদহ আদালতের (Sealdah Court)। সম্প্রতি একটি চিঠির ভিত্তিতে আরজি কর মামলায় (RG Kar Case) নতুন অভিযোগ সামনে আসে। তার ভিত্তিতেই নতুন করে তদন্তের নির্দেশ আদালতের। তিলোত্তমার বাবার কাছে আসা প্রাক্তন ফরেন্সিক অফিসারের চিঠি সিবিআই দফতরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শিয়ালদহ আদালতের জিআরও (GRO)-কে নির্দেশ দেওয়া হয়েছে, চিঠির আসল কপি সিবিআই-কে পাঠাতে হবে। আবেদনকারী তিলোত্তমার পরিবারের আইনজীবী অমর্ত্য দে বলেন, “তদন্তের স্বার্থেই সিবিআই-কে চিঠিটি পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
দিনকয়েক আগে তিলোত্তমার বাবার কাছে প্রাক্তন ফরেন্সিক আধিকারিক পরিচয় দিয়ে এক ব্যক্তি চিঠি পাঠান। সেখানে গুরুতর অভিযোগ তোলা হয়। জানানো হয়, যে তিলোত্তমার ভিসেরার নমুনা নষ্ট করা হয়েছে রাজ্য ফরেনসিক দফতরেই। ফরেন্সিকের তিন আধিকারিক প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশে ওই নমুনা নষ্ট করেছেন বলেও উল্লেখ করা হয় চিঠিতে।
ওই চিঠির কপি সহ আদালতের দ্বারস্থ হয়েছিল তিলোত্তমার পরিবার। চিঠিতে করা গুরুতর অভিযোগের তদন্ত চেয়ে আবেদন করে পরিবার। TV9 বাংলা প্রথম ওই চিঠির কপি দেখিয়ে গুরুতর অভিযোগের খবর সামনে নিয়ে আসে। এবার সেই চিঠি নিয়েও তদন্ত শুরু করার পথে সিবিআই।
চিঠিতে ঠিক কী বলা হয়?
চিঠিতে বলা হয়, তিলোত্তমার ভিসেরার যে নমুনা নেওয়া হয়েছিল, তা বদলে ফেলা হয়েছে। তিলোত্তমার লিভার, কিডনি, পাকস্থলি থেকে নমুনা নেওয়া হয়েছিল, এটা দেখার জন্য, যে তিলোত্তমার শরীরে কোনও বিষক্রিয়া করা হয়েছিল কি না, ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল কি না। চিঠিতে অভিযোগ করা হয়, রাজ্য ফরেন্সিক বিভাগের তিন আধিকারিক সেই স্যাম্পেল বদলে ফেলেছিলেন। রাজ্য ফরেন্সিক ল্যাব থেকে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে যখন স্যাম্পেল গিয়েছে, সেটাও বদলে ফেলা হয়েছে। চিঠিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা উল্লেখ রয়েছে।
