FIFA World Cup, Colombia vs Ghana: প্রথমার্ধেই অসামান্য গোল, ৮ বছর পর বিশ্বকাপের শেষ ষোলোয় কলম্বিয়া! | Colombia beats Ghana and qualified for round of 16 match in FIFA World Cup
কানসাস সিটি: ফিফা বিশ্বকাপ (Fifa World Cup 2026) চালু হওয়ার পর থেকে খেলার থেকে বেশি অন্যান্য বিষয় নিয়েই চর্চা ছিল ঘানা দলকে। প্রধান কারণ, নুনো কুয়াকি বোন্সাম – যিনি একের পর এক ভবিষ্যদ্বাণী, জাদু করে দেশকে চর্চায় রেখেছেন। যিনি নাকি আটকে দিয়েছিলেন হ্যারি কেনকে। কিন্তু এই বোন্সাম ভদ্রলোক নিজের দেশের বিশ্বকাপ থেকে বিদায় আটকাতে পারলেন না। রাউন্ড অফ ৩২ এর ম্যাচে কলম্বিয়ার কাছে ১-০ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ঘানা। ১৬তম দল হিসেবে বিশ্বকাপের শেষ ১৬য় উঠে গেলেন হামেসরা।
ম্যাচের প্রথমেই গোল পেয়ে যায় কলম্বিয়া। ১৪ মিনিটের মাথায় লুইস সুয়ারেজের পাস থেকে দুর্দান্ত গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন জন অ্যারিয়াস। এরপর থেকেই একাধিক সুযোগ পায় কলম্বিয়া। কিন্তু, প্রত্যেকটা আক্রমণ রুখে দিলেন লরেন্স জিগি। তিনি না থাকলে আজ কমপক্ষে ৩-০ ম্যাচ জেতে কলম্বিয়া। আজ কোনও দিক থেকেই ঘানাকে আক্রমণাত্মক মনে হয়নি। যদিও, ম্যাচের ৮ মিনিটে চোট পেয়ে যান কলম্বিয়ার জন কর্দোবা। তাঁকে পরিবর্ত হিসেবে নামেন লুইস সুয়ারেজ। এই নামের সঙ্গে পূর্ব পরিচিত ঘানা। ২০১০ বিশ্বকাপে উরুগুয়ে বনাম ঘানা ম্যাচে লুইস সুয়ারেজের হ্যান্ডবল বিতর্ক হয়ত আজও মনে রেখেছেন ঘানার সমর্থকরা। তবে আজ মাঠে ছিলেন অন্য লুইস সুয়ারেজ।
প্রথমার্ধ ১-০ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধেও দুরন্ত আক্রমণ শুরু করে কলম্বিয়া। এর মধ্যে ৫৭ মিনিটে কলম্বিয়ার লুইস ডিয়াজ গোল করলেও তা অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধেও বেশ কিছু ভাল সেভ দিয়েছেন ঘানার গোলকিপার। তিনি না থাকলে আজ অনেক বড় ব্যবধানে হারতে পারত ঘানা। তবে একাধিক চেষ্টা করেও গোলমুখ খুলতে ব্যর্থ হয় ঘানা। এবং, বিশ্বকাপ থেকে বিদায় ঘটে গেল ঘানার। এই জয়ের ফলে শেষ ১৬তে উঠেছে কলম্বিয়া। ২০১৮র পর আবার প্রি-কোয়ার্টার ফাইনাল খেলবেন সুয়ারেজরা। তাদের বিরুদ্ধে ম্যাচ সুইজারল্যান্ডের। সেই ম্যাচে যে জিতবে, তারা খুব সম্ভবত খেলবে আর্জেন্টিনার বিরুদ্ধে, যদি আর্জেন্টিনা শেষ ১৬র ম্যাচে মিশরকে হারায়। তবে, এই ম্যাচ জয়ের ফলে আবার আত্মবিশ্বাসী হামেস রদ্রিগেজরা।
বিশ্বকাপের শেষ ১৬-র ম্যাচগুলি :
৪ জুলাই : কানাডা বনাম মরক্কো (রাত সাড়ে ১০টা)
৫ জুলাই : প্যারাগুয়ে বনাম ফ্রান্স (রাত আড়াইটে)
৬ জুলাই : ব্রাজিল বনাম নরওয়ে (রাত দেড়টা)
৬ জুলাই : মেক্সিকো বনাম ইংল্যান্ড (ভোর সাড়ে ৫টা)
৭ জুলাই : পর্তুগাল বনাম স্পেন (রাত সাড়ে ১২টা)
৭ জুলাই : আমেরিকা বনাম বেলজিয়াম (ভোর সাড়ে ৫টা)
৭ জুলাই : আর্জেন্টিনা বনাম মিশর (রাত সাড়ে ৯টা)
৮ জুলাই : সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া (রাত দেড়টা)