Police Rescue: কড়া প্রশাসন, এবার নিষিদ্ধপল্লিতে ওড়ানো হল ড্রোন! যা করা হল | 16 Minor Girls Rescued in Islampur, Four Arrested as Police Use Drones to Crack Human Trafficking Racket
উত্তর দিনাজপুর: ১৬ জন নাবালিকাকে উদ্ধার করে বড়সড় সাফল্য পেল ইসলামপুর পুলিশ জেলা। নারীপাচার চক্রের বিরুদ্ধে অভিযানে অভিনব কৌশল হিসেবে ড্রোন ব্যবহার করে নজরদারি চালিয়ে চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ইসলামপুরের চম্পাবাগ এলাকার ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গোপন সূত্রে খবর আসে যে বিহার থেকে একাধিক নাবালিকাকে পাচার করে ইসলামপুরের চম্পাবাগ এলাকার নিষিদ্ধপল্লিতে নিয়ে আসা হয়েছে। খবর পাওয়ার পরই ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে ড্রোনের মাধ্যমে গোটা এলাকায় নজরদারি শুরু করা হয়।
পুলিশের দাবি, ড্রোনের উপস্থিতি টের পেয়ে কয়েকজন অভিযুক্ত পালানোর চেষ্টা করে। তবে আগে থেকেই এলাকায় গোপনে মোতায়েন থাকা পুলিশকর্মীরা চার জনকে আটক করতে সক্ষম হন। পরে তাঁদের গ্রেফতার করা হয়। একই সঙ্গে অভিযান চালিয়ে ১৬ জন নাবালিকাকে উদ্ধার করা হয়।
ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার রাকেশ সিং বলেন, “এটি আমাদের একটি বড় সাফল্য। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, এই পাচারচক্রের সঙ্গে আরও অনেক ব্যক্তি জড়িত রয়েছে। উদ্ধার হওয়া সকলেই বিহারের।গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং চক্রের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চলছে।”
ধৃতদের শনিবার ইসলামপুর মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উদ্ধার হওয়া নাবালিকাদের কাউন্সেলিং ও প্রয়োজনীয় আইনি সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। ঘটনার পর মানবপাচার রোধে সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।