‘সাথী’ ছবিতে ইতিহাস তৈরি, তবু ইন্ডাস্ট্রি থেকে দূরে প্রিয়াঙ্কা? জিতের সহ-অভিনেত্রী বললেন, ‘খারাপ লাগে…’
কেন বাংলা থেকে দূরে প্রিয়াঙ্কা?
অনেকের মনেই প্রশ্ন, এমন সুপারহিট সিনেমার পরেও কেন বাংলা ইন্ডাস্ট্রিতে দীর্ঘ বছর দেখা মেলেনি তাঁর? তবে কি ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার প্রিয়াঙ্কা? অভিনেত্রীর কথায়, ‘আমার খুব প্রিয় এই ইন্ডাস্ট্রি। কাজও করতে চাই ভীষণ ভাবে। বাংলা সিনেমা দেখতেও খুব ভালোবাসি। প্রথম সিনেমা তো প্রভাত রায়ের সঙ্গে। আসলে একটা সময়ে বেশ কয়েকটি হিন্দি সিনেমার অফার পাই মুম্বই থেকে। তার পরে যেহেতু ছোট ছোট বাচ্চাদের নিয়ে বিয়ে করে বেঙ্গালুরু চলে গিয়েছিলাম, তাই এখানে এসে সিনেমা করাও খুব মুশকিল হয়ে পড়েছিল। আমার ছেলে-মেয়ে দু’জনেই এখন কলেজে পড়ে। ওরা একটু বড় হওয়ার পরে অবশ্য কয়েকটা বাংলা সিনেমা করেছিলাম। তবে একদম শুরুর দিকে বাচ্চাদের স্কুল থেকে ছাড়িয়ে আনতে পারতাম না কলকাতায়। এক মাস, দু’মাসের টানা শুটিং থাকত। অত ছোট বাচ্চাদের ছেড়ে কী করে আসতাম? ধীরে ধীরে সাউথ ইন্ডিয়ায় কাজ করতে শুরু করলাম। অনেক কাজ করেছি, এখনও করছি।’