অযোধ্যায় রামমন্দির দর্শনের আগেই আটক কংগ্রেস নেতা অজয় রাই! তুলে নিয়ে গেল পুলিশ - 24 Ghanta Bangla News
Home

অযোধ্যায় রামমন্দির দর্শনের আগেই আটক কংগ্রেস নেতা অজয় রাই! তুলে নিয়ে গেল পুলিশ

Spread the love

রামমন্দির ঘিরে উত্তরপ্রদেশে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ। অভিযোগ, অযোধ্যায় রাম মন্দিরে যাওয়ার আগেই উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাইকে আটক করল পুলিশ। তাঁকে অযোধ্যার একটি হোটেল থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ কংগ্রেসের। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর স্ত্রীও।

দলীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কংগ্রেসের একটি প্রতিনিধি দলের অযোধ্যায় গিয়ে রামলালার দর্শন ও পুজো দেওয়ার কর্মসূচি ছিল। সেই কর্মসূচির আগে অজয় রাই অযোধ্যার একটি হোটেলে ছিলেন। অভিযোগ, সেখান থেকেই পুলিশ তাঁকে জিপে করে নিয়ে যায় এবং এর পরে আর বাইরে বেরোতে দেয়নি। অজয় রাইয়ের স্ত্রী রীনা রায়ও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ ভাবে গভীর রাতে অজয় রাইকে তুলে নিয়ে যাওয়ার তীব্র প্রতিবাদ করেন। তিনি প্রশাসনের কাছে স্বচ্ছ ব্যাখ্যা এবং স্বাভাবিক পরিস্থিতি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। রাইয়ের নিরাপত্তা নিয়েও চিন্তিত বলে জানিয়েছেন রীনা।

ঘটনার পরে কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে— রাম মন্দিরে গিয়ে দর্শন করা কি এখন অপরাধ? দলের নেতাদের বক্তব্য, ধর্মীয় আচার পালনের অধিকার এবং রাজনৈতিক কার্যকলাপ— দু’টিকেই বাধা দেওয়া হয়েছে। কংগ্রেসের দাবি, প্রশাসন ইচ্ছাকৃতভাবে তাঁদের কর্মসূচি আটকে দিয়েছে।

অন্যদিকে, অযোধ্যার প্রশাসনের তরফে আনুষ্ঠানিক ভাবে অজয় রাইকে আটক করার কোনও বিস্তারিত কারণ জানানো হয়নি। তবে রাজনৈতিকভাবে সংবেদনশীল পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয়তার কথা সামনে আসছে বলে সূত্রের খবর।

ঘটনাটি সামনে আসতেই উত্তরপ্রদেশের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধী শিবির অভিযোগ করছে, বিরোধী নেতাদের কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। অন্যদিকে শাসকপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।

উল্লেখ্য, রামমন্দিরের অনুদান চুরি নিয়ে তদন্তের মাঝেই জোরদার শোরগোল অযোধ্যায়। নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে। সেই প্রেক্ষিতে উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতিকে আটক করায় বিতর্ক আরও তীব্র আকার ধারণ করেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *