স্কুলেই সাপের কামড়, পড়ুয়ার মৃত্যুতে শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ, উত্তপ্ত খণ্ডঘোষ
স্কুলের মধ্যে সাপের কামড়ে পড়ুয়ার মৃত্যুর ঘটনায় তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার মল্লিকপুর গ্রামের ওয়াড়ি খুন্দপুর এসএসকে স্কুলের ঘটনা। অভিযোগ, মঙ্গলবার স্কুলে আসতেই শিক্ষিকা আনিসা চৌধুরীকে ঘিরে ধরেন অভিভাবকরা। শুরু হয় বিক্ষোভ। শেষ পর্যন্ত পুলিশ এসে তাঁকে উদ্ধার করেন।
মৃত পড়ুয়ার অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার টিফিনের সময়ে স্কুলের মাঠে খেলছিল সেখ শাহনেওয়াজ (৭) নামে এক পড়ুয়া। সেই সময় তাকে সাপে কামড়ায় বলে অভিযোগ। পরে তাকে বর্ধমান মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার মৃত্যু হয় তার।
সাপে কামড়ানোর পরে স্কুল কর্তৃপক্ষ বিষয়টিকে যথাযথ গুরুত্ব দেয়নি বলে মৃত শিশুর পরিবারের অভিযোগ। শুধু তাই নয়, শিক্ষিকাকে জানানোর পরেও তিনি কোনও ব্যবস্থা না নিয়ে অন্য ছাত্রকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতে বলেও অভিযোগ তাঁদের।
সোমবার ময়নাতদন্তের পরে শিশুটির দেহ গ্রামে নিয়ে আসা হয়। তার পরেই শিক্ষিকাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তবে গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষিকা আনিসা চৌধুরি। তাঁর কথায়, ‘ছেলেটি এসে বলে, ম্যাডাম পরে গিয়েছি। তাই মলম দেওয়া হয়েছিল। সাপে কামড়েছে সেটা তখন বোঝা যায়নি।’ তাঁর আরও দাবি, বর্ধমান মেডিক্যালে পরীক্ষার পরে ওই ছাত্রকে সাপে কামড়েছে বলে বোঝা যায়।
ছাত্রের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ভবিষ্যতে যাতে আর কোনও স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা না ঘটে, তা দেখার আবেদন জানিয়েছে মৃত ছাত্রের পরিবার।