Abhishek Banerjee: আর উঁকি মারা যাবে না অভিষেকের বাড়িতে, কৌতূহলীদের দৃষ্টি আটকাতে বড় ব্যবস্থা | View Blocker Installed at Abhishek Banerjee’s Kalighat Residence Amid Political Heat
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির প্রধান গেটে বসছে ভিউ কাটারImage Credit: TV9 Bangla
কলকাতা: রাজ্যে পালাবদলের পর থেকেই তাঁর বাড়ি নিয়ে আমজনতার কৌতূহল তৈরি হয়েছে। হরিশ মুখার্জি রোডে তাঁর বাড়ির সামনে গিয়ে অনেকেই ছবি তুলতে শুরু করেন। তবে এখন তিনি থাকেন কালীঘাট রোডের বাড়িতে। সেই বাড়ির ভিতরে কেউ যাতে আর উঁকি মারতে না পারেন, সেজন্য এবার প্রধান গেটে ভিউ কাটার বসাচ্ছেন ‘কালীঘাট তৃণমূলের’ সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার অভিষেকের কালীঘাট রোডের বাড়ির সামনে গিয়ে দেখা গেল, বেশ কয়েকজন বাড়ির প্রধান গেটে ভিউ কাটার বসানোর কাজ করছেন। গেটের বাইরে থেকে সহজে যাতে ভেতরে দেখা না যায় কিংবা ছবি তোলা না যায়, সেই জন্য গেটে লাগানো হচ্ছে অ্যালুমিনিয়াম শিট। এই শিট ভেদ করে ভেতরে কী হচ্ছে, দেখা যাবে না।
তৃণমূল আমলে কড়া নিরাপত্তা থাকত অভিষেকের বাড়িতে। পালাবদলের পর অভিষেকের হরিশ মুখার্জি রোড ও কালীঘাট রোডের বাড়ির সামনে থেকে পুলিশি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। সাধারণ মানুষ সহজেই তাঁর বাড়ির সামনে চলে যেতে পারছেন। আবার অনেকসময় সাংবাদিকরাও তাঁর বক্তব্য জানতে, বাড়ির সামনে যান। এর আগে দেখা গিয়েছে, বাড়ির সামনে অভিষেক গাড়ি থেকে নামার পর ছাতা দিয়ে তাঁর মুখ আড়াল করার চেষ্টা হচ্ছে। বর্তমানে একের পর এক মামলায় নাম জড়াচ্ছে অভিষেকের। তখন বাড়ির ভিতর কেউ যাতে উঁকি দিতে না পারেন, সেজন্য ভিউ কাটার বসাচ্ছেন ‘কালীঘাট তৃণমূলের’ সেনাপতি।
বাড়ির গেটে ভিউ কাটার বসানো নিয়ে অভিষেককে কটাক্ষ বিজেপির-
অভিষেক তৃণমূল কর্মীদের আইনি সহায়তা দিতে ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচি শুরু করেছেন। আবার এদিনই তাঁর বাড়ির প্রধান গেটে বসছে ভিউ কাটার। তা নিয়ে কটাক্ষ করে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “জনগণের জন্য এক ডাকে অভিষেক কী করে হবে? ভিউ কাটার লাগিয়ে ফেলেছেন। অমন ভিউ কাটার পেরিয়ে জনগণই ডাকবে কী করে, আর উনি যাবেনই বা কী করে।”