এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে গুলি, উত্তেজনা ইসলামপুরে - 24 Ghanta Bangla News
Home

এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে গুলি, উত্তেজনা ইসলামপুরে

Spread the love

ফিল্মি কায়দায় এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। গুলি চালিয়ে পালানোর চেষ্টাও করে দুষ্কৃতীরা। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের ডিমঠি এলাকার এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তবে বাকি অভিযুক্তরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাদেরকেও ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কী কারণে ওই ব্যক্তিকে অপহরণের চেষ্টা হয় তা জানতেও তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার তিনপুল এলাকা হয়ে বাড়ি ফিরছিলেন ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদ। তাঁর দাবি, তখনই একটি গাড়ি করে চার-পাঁচ দুষ্কৃতী একটি মোটরসাইকেলের সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে ওই দুষ্কৃতীরা সেই মোটরসাইকেল আরোহীকে বন্দুকের বাট দিয়ে মারধর করে। এর পরেই জোর করে ওই ব্যক্তিকে গাড়িতে তুলে নিয়ে দুষ্কৃতীরা পাটাগোড়ার দিকে রওনা দেয়। ইসলামপুর থানার পুলিশকে জানানোর পাশাপাশি তিনিও অপহরণকারীদের গাড়ির পিছু নেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সঙ্গে সঙ্গেই সতর্ক করা হয় পাটাগোড়া ফাঁড়ির পুলিশকে। পাটাগোড়ার আগে ডিমঠি এলাকায় গাড়িটিকে আটকানোর চেষ্টা করা হলে দুষ্কৃতীরা পালানোর উদ্দেশ্যে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনও পুলিশকর্মী আহত হননি। ঘটনাস্থল থেকেই পুলিশ গাড়ির চালককে আটক করে। উদ্ধার করা হয় অপহরণ হওয়া ব্যক্তিকে। তবে বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

প্রাথমিক তদন্তে সেখানে গুলি চলেছিল বলে জানা গিয়েছে বলেও জানিয়েছেন ইসলামপুর পুলিশ জেলার সুপার রাকেশ সিং। তবে, ওই দুষ্কৃতীদের অপহৃত ব্যক্তি চেনেন না বলে পুলিশকে জানিয়েছেন। এই নিয়ে আরও তদন্ত হচ্ছে বলেও জানিয়েছেন সলামপুর পুলিশ জেলার সুপার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *